Advertisement
E-Paper

টাকার বিনিময়ে বিল্ডিং প্ল্যানে অনুমোদন! দুর্নীতির অভিযোগে গ্রেফতার উদয়ন ‘ঘনিষ্ঠ’ দিনহাটা পুরসভার কর্মী, পলাতক প্রাক্তন চেয়ারম্যান

অবৈধ ভাবে টাকার বিনিময়ে দিনহাটা পুরসভা এলাকায় বিল্ডিং তৈরির প্ল্যানে অনুমোদন দেওয়া হত বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়ায় মৌমিতা এবং গৌরীশঙ্করের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২৩:২০
Dinhata Municipality employee arrested for allegedly approving building plans in exchange for money

ধৃত দিনহাটা পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্য। — ফাইল চিত্র।

ভুয়ো বিল্ডিং প্ল্যান দুর্নীতির ঘটনায় গ্রেফতার দিনহাটা পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্য। স্থানীয়দের দাবি, তিনি দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেত্রী। শুধু তিনি একা নন, এই দুর্নীতির ঘটনায় নাম জড়িয়েছে পুরসভার তৎকালীন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীরও। যদিও তাঁর খোঁজ এখনও পাওয়া যায়নি।

অবৈধ ভাবে টাকার বিনিময়ে দিনহাটা পুরসভা এলাকায় বিল্ডিং তৈরির প্ল্যানে অনুমোদন দেওয়া হত বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়ায় মৌমিতা এবং গৌরীশঙ্করের। জানা গিয়েছে, শনিবার বিকেলে পুরসভা থেকে বাড়ি ফেরার পথে রাস্তাতেই মৌমিতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তার পরে থানায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় মৌমিতাকে।

অন্য অভিযুক্ত গৌরীশঙ্করের খোঁজে তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে রাত পর্যন্তও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ এই গ্রেফতারি এবং গৌরীশঙ্করের বাড়িতে তল্লাশি চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনা প্রসঙ্গে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, ‘‘পুলিশকে আগে নিয়ন্ত্রণ করত তৃণমূল সরকার। তবে আমরা এখন পুলিশকে মুক্ত হস্তে কাজ করার নির্দেশ দিয়েছি। আর তারই ফলস্বরূপ এই গ্রেফতারি। আমাদের সরকারের নীতি, দুর্নীতির বিরুদ্ধে কোনও আপস নয়।’’ এ বিষয়ে জানতে উদয়নকে ফোন করা হয়েছিল। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়।

Dinhata TMC Arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy