ডুয়ার্সের নদী এবং বনাঞ্চল লাগোয়া এলাকায় অবৈধ ভাবে রিসর্ট নির্মাণের অভিযোগ দীর্ঘদিনের। এ বার মালবাজারের মহকুমা প্রশাসন মেটেলি ব্লকের মেটেলি বাতাবাড়ি-দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধ ভাবে নির্মিত একটি রিসর্ট বন্ধ করতে কড়া পদক্ষেপ করলেন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে ১১ জুলাইয়ের মধ্যে রিসর্ট কর্তৃপক্ষকে সেখান থেকে যাবতীয় জিনিসপত্র সরিয়ে নিতে বলা হয়েছে। মহকুমা প্রশাসনের বক্তব্য, রিসর্টটি অবৈধ ভাবে সরকারি জমিতে তৈরির অভিযোগ ছিল। সেই অনুযায়ী খতিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মেটেলি ব্লকের নদীর চর লাগোয়া এলাকায় এই রিসর্টটি বেশ কয়েক বছর পুরনো। মালবাজারের মহকুমা শাসক উৎকর্ষ খন্ডাল বলেন, ‘‘আমরা তদন্ত করে দেখেছি সরকারি জমিতে এই রিসর্টটি অবৈধ ভাবে তৈরি হয়েছিল। আমরা ইতিমধ্যেই প্রক্রিয়া অনুসরণ করে রিসর্ট কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি দিয়েছি। এর পরে আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব।’’ বিষয়টি নিয়ে রিসর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
অভিযোগ উঠেছে রিসর্টটি তৃণমূল কংগ্রেসের এক বিধায়কের এক সময়কার ব্যক্তিগত সচিবের। বিজেপির মেটেলি ব্লকের নেতা দীপঙ্কর ধরের অভিযোগ, ‘‘তৃণমূলের এক সময়ের নেতাদের এবং তাঁদের সঙ্গীদের মদতেই এ ভাবে ডুয়ার্স জুড়ে অবৈধ নির্মাণ হয়েছে।’’ পর্যটন উন্নয়নের সংগঠন লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশন-এর নতুন সভাপতি পার্থ রায় বলেন, ‘‘আমরা সংগঠনগত ভাবে কখনওই অবৈধ নির্মাণের পক্ষে নয়। এর দায়ভার সংশ্লিষ্ট রিসর্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। প্রশাসন সমস্ত ক্ষেত্রেই তদন্ত করে দেখুক। প্রয়োজনীয় পদক্ষেপ করুক।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)