বীরভূমের মাড়গ্রামে বোমা মেরে দুই তৃণমূল কর্মীর খুনের অভিযোগ নিয়ে শোরগোলের মধ্যে আবার তাজা বোমা উদ্ধার হল জেলায়। এ বার সদাইপুরের লালমোহনপুর গ্রামে মিলল বোমা। পাঁচটি জার ভর্তি তাজা বোমা উদ্ধার করল সদাইপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে এই তাজা বোমা উদ্ধার করা হয়েছে। সেগুলি মিলেছে গ্রামে যাওয়ার রাস্তায় খালের কালভার্টের কাছে একটি ঝোপ থেকে। রবিবার সকালে বম্ব ডিসপোজ়াল টিম এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। পঞ্চায়েত ভোটের আগে এত বোমা কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ।
গত ৪ ফেব্রুয়ারি মাড়গ্রামের ধূলফেলা মোড় সংলগ্ন হাসপাতালপাড়া এলাকায় বোমার আঘাতে নিউটন শেখ ও লাল্টু শেখ নামে দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। ওই ঘটনার পরেই পুলিশ এলাকার কংগ্রেস কর্মী সুজাউদ্দিন আহমেদ, তাঁর দুই ছেলে-সহ ছয় জনকে গ্রেফতার করেছে।