Advertisement
E-Paper

ভবানীপুরে মমতা, নন্দীগ্রামে অভিষেক। আলোচনায় বসবে কি আমেরিকা-ইরান। ইডেনে কেকেআর। আর কী কী নজরে

বিকেলে দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সর্ব স্তরের মানুষের সমন্বয়ন ক্রমসূচির আয়োজন করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

ভবানীপুরে ভোটপ্রচার শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সর্ব স্তরের মানুষের সমন্বয়ন ক্রমসূচির আয়োজন করা হয়েছে। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাই ভবানীপুরের ভোটকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনটি প্রচার কর্মসূচি রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে একটি জনসভা করবেন তিনি। সেই সভা শেষ করে যাবেন নন্দীগ্রামে। সেখানে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে একটি সভা করবেন তিনি। পরে পানিহাটিতে একটি রোড শো করবেন অভিষেক।

হরমুজ় প্রণালী নিয়ে টানাপড়েন অব্যাহত। শনিবার থেকে আবার হরমুজ়ে অবরোধ শুরু করেছে ইরান। তবে তেহরানকে পাল্টা হুঁশিয়ারি শানিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই পরিস্থিতিতে আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তিবৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আদৌ ওই বৈঠক হবে তো, প্রশ্ন উঠছে। হরমুজ় জট কাটে কি না, আলোচনা পথ সুগম হয় কি না— আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

Advertisement

আইপিএলে আজ আবার নামছে কলকাতা নাইট রাইডার্স। আজ ইডেনে খেলা। অজিঙ্ক রাহানের কলকাতার বিপক্ষে রাজস্থান রয়্যালস। গত বছর ইডেনে রাজস্থানকে মাত্র ১ রানে হারিয়েছিল কেকেআর। সেই ম্যাচে রান পাননি বৈভব সূর্যবংশী। আজ কি বৈভবের ঝড় দেখতে পাবেন কলকাতাবাসী? না কি আইপিএলে প্রথম জয়ের মুখ দেখবে কলকাতা? খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। এর পর রয়েছে আরও একটি ম্যাচ। এখনও পর্যন্ত একটিও ম্যাচ না-হারা পঞ্জাব কিংস খেলবে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আইএসএলে আজ মোহনবাগানের খেলা। বিপক্ষে নর্থ ইস্ট ইউনাইটেড। এটি মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। খেলা গুয়াহাটিতে। গত ম্যাচে পঞ্জাব এফসিকে পাঁচ গোলের ম্যাচে হারিয়েছিল সবুজ-মেরুন। দু’বার পিছিয়ে পড়েও কামিংসের সংযুক্তি সময়ের গোলে জিতেছিল তারা। আজ পুরো তিন পয়েন্ট তুলে নিতে পারবে পেত্রাতোসেরা? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম। সেই সঙ্গে বাড়বে অস্বস্তিও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। তবে রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের কয়েক জেলায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি, ঝোড়ো হাওয়া বইতে পারে ওই জেলাগুলিতে। উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সেখানে তাপমাত্রার হেরফের হবে না।

News of the Day Mamata Banerjee Abhishek Banerjee Suvendu Adhikari US Iran IPL 2026 ISL 2026 Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy