Advertisement
E-Paper

তৃণমূলের ভাঙা-গড়া। বিধানসভায় বাজেট অধিবেশন। আবহাওয়া কেমন। বিশ্বকাপের খবর। আর কী কী নজরে

অসুস্থতা-সহ অন্য কারণ দেখিয়ে মমতার থেকে দূরত্ব তৈরি করেছেন যে নেতারা, তাঁদের কারা কারা মঙ্গলবারের বারবেলায় ঋতব্রতদের সঙ্গে সমন্বয় করতে উদ্যোগী হবেন আজ?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

সোমবার নিউটাউনের হোটেলে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘তৃণমূলের দখল’ নিয়ে নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা। সেই জল আজও গড়াতে পারে। বিধানসভায় তৃণমূলের আর কোন নেতা বিদ্রোহী শিবিরের সঙ্গে নৈকট্য তৈরি করতে হাজির হন, তা নিয়ে কৌতূহল রয়েছে। ‘রাজনীতি’ করব না বলেও সোমবার ঋত-তৃণমূলের বৈঠকে হাজির ছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তেমনই অসুস্থতা-সহ অন্য কারণ দেখিয়ে মমতার থেকে দূরত্ব তৈরি করেছেন যে নেতারা, তাঁদের কারা কারা মঙ্গলবারের বারবেলায় ঋতব্রতদের সঙ্গে সমন্বয় করতে উদ্যোগী হবেন আজ?

আজ বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিন। রাজ্যপাল আরএন রবির ভাষণ নিয়ে আলোচনা শুরু হবে আজ। যেখানে শাসক বিজেপি বিধায়কেরা আলোচনায় অংশ নেবেন। তেমনই অংশ নেবেন বিরোধী তৃণমূল বিধায়কেরাও। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সময় দিতে পারেন কংগ্রেস, আইএসএফ, সিপিএম এবং তৃণমূলের (কালীঘাট) বিধায়কদের জন্য।

দু’দিনের সফরে আজ ভারতে আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির। দ্বিপাক্ষিক অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি নিয়ে চূড়ান্ত পর্বের আলোচনা হতে পারে এই সফরে। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো কয়েক দিন আগেই দাবি করেছেন, শীঘ্রই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি সম্পন্ন হতে পারে। তার আগে এই আলোচনায় শেষ তুলির টান দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্বকাপে আজ সকাল, রাত এবং কাল ভোর মিলিয়ে পাঁচটি ম‍্যাচ। আজ দ্বিতীয় ম‍্যাচে নামছে পর্তুগাল। প্রথম ম‍্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল কঙ্গোর কাছে হৌঁচট খেয়েছে। ড্র করতে হয়েছে পর্তুগালকে। এ বার সামনে উজবেকিস্তান। খেলা রাত ১০:৩০ থেকে। দিন শুরু হচ্ছে জর্ডন বনাম আলজেরিয়া ম‍্যাচ দিয়ে। খেলা সকাল ৮:৩০ থেকে। রাত ১:৩০ থেকে রয়েছে অন‍্যতম ফেবারিট ইংল্যান্ডের খেলা। বিপক্ষে ঘানা। কাল ভোর ৪:৩০ থেকে লড়াই পানামা বনাম ক্রোয়েশিয়ার। কলম্বিয়া বনাম কঙ্গো ম‍্যাচ সকাল ৭:৩০ থেকে। সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে।

আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশের পরেও দক্ষিণবঙ্গ-সহ গোটা দেশেই বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে উত্তরবঙ্গ টানা বৃষ্টিতে ভিজে চলেছে। আগামী কয়েক দিনেও পরিস্থিতি বদলাবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে প্রবল বর্ষণ চলবে উত্তরের পাঁচ জেলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়।

Mamata Banerjee west bengal budget Football World Cup 2026 fifa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy