পশ্চিমবঙ্গের বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জন্য দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কৈফিয়ত তলব করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে অমিতকে জয়ের মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
টলিউড থেকে বিজেপি-তে আসা জয় বীরভূমের ময়ূরেশ্বরে দলীয় সভায় গত শনিবার তৃণমূলকে কটাক্ষ করে বলেছিলেন, ‘‘গত লোকসভা ভোটে আমাদের চুরি করে হারানো হয়েছিল। এ বার সেটাও পারবেন না। কারণ নির্বাচন কমিশন আমাদের হাতে। আর বিধানসভা ভোট হবে মিলিটারি দিয়ে।’’ জয়ের ওই বক্তব্য প্রকাশ্যে আসে রবিবার এবং তার পর থেকেই রাজ্যের রাজনৈতিক শিবিরে হইচই শুরু হয়ে যায়। অন্য সব দলের কাছে তো বটেই, এমনকী নিজের দলেও ভর্ৎসিত হন জয়। বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ ফোন করে জয়কে সতর্ক করেন। জয় তাঁর কাছে এবং পরে বিবৃতি দিয়ে রাজ্যবাসীর কাছে দুঃখপ্রকাশ করেন। এর পর বিজেপি নেতৃত্ব ভেবেছিলেন, জয়-বিতর্কে ইতি পড়ে গেল। কিন্তু, মঙ্গলবার নির্বাচন কমিশন জয়ের মন্তব্যের ব্যাখ্যা দলের সর্বোচ্চ নেতার কাছে চাওয়ায় বোঝা গেল এই বিতর্ক সহজে বিজেপি-র পিছু ছাড়ছে না।