পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা আর অসমে মামলা হয়েছে বেসরকারি অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির বিরুদ্ধে। সেই মামলাতেই ওই সংস্থার দুই আধিকারিক শিবময় দত্ত ও অশোক কুমারকে ভুবনেশ্বর নিয়ে গেল সিবিআই। শুক্রবার দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোড এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করে তারা। শনিবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল।
রোজ ভ্যালির বিপুল অর্থ নয়ছয়ের ব্যাপারে পশ্চিমবঙ্গে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই সংস্থা বাজার থেকে বেআইনি ভাবে টাকা তুলেছে কি না, তা নিয়ে মামলা চলছে আদালতে। ওড়িশায় রোজ ভ্যালির নামে আলাদা ভাবে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই তারা তৃণমূল সাংসদ তাপস পালের বাড়িতে তল্লাশি চালিয়েছে। রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করেছে ইডি। তিনি এখন জেল-হাজতে। পরে সিবিআই তদন্তে নেমে শিবময় ও অশোককে গ্রেফতার করে। ওড়িশায় মামলা হয়েছে বলেই ওই দু’জনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার কলকাতার আদালতে ওই দু’জনকে তোলার পরেই তাঁদের ওড়িশা নিয়ে যাওয়ার জন্য ‘ট্রানজিট রিম্যান্ড’ চাওয়া হয়। তাঁদের ওড়িশার আদালতেও তোলা হবে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, রোজ ভ্যালির বিরুদ্ধে ওড়িশা ছাড়াও অসমে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলে থাকা গৌতম কুণ্ডুকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সিবিআই আইনি প্রক্রিয়া শুরু করেছে।