Advertisement
E-Paper

ভোটের তিন দিন আগে বাংলাদেশে আবার খুন! দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে শাটার নামিয়ে উধাও দুষ্কৃতীরা

নিহতের পুত্র সুজন সরকার জানিয়েছেন, সুষেনকে খুনের পরে তাঁদের দোকান থেকে টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা। তিনি তাঁর বাবার খুনের বিচার চেয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪০
নিহত ব্যবসায়ী সুষেনচন্দ্র সরকার।

নিহত ব্যবসায়ী সুষেনচন্দ্র সরকার। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে আবার খুন হলেন এক ব্যবসায়ী। ময়মনসিংহে নিজের দোকানেই ছিলেন ৬২ বছরের সুষেনচন্দ্র সরকার। সোমবার রাতে তাঁকে কুপিয়ে খুন করে পালায় দুষ্কৃতীরা। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ত্রিশন থানার প্রধান মহম্মদ ফিরোজ হুসেনকে উদ্ধৃত করে ঘটনার কথা প্রকাশ করেছে বিডিনিউজ়২৪ ডটকম।

হোসেন জানিয়েছেন, সোমবার রাতে নিজের দোকানে ছিলেন সুষেন। তখন দুষ্কৃতীরা দোকানে ঢুকে তাঁকে কুপিয়ে তার পরে শাটার নামিয়ে চম্পট দেয়। নিহতের পরিবারের লোকজন রাতে তাঁর খোঁজে বেরিয়ে দোকানে যান। সেখানে গিয়ে শাটার তুলতেই দেখেন, ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সুষেন। তাঁকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বোগার বাজারে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ বলে একটি দোকান রয়েছে সুষেনের।

নিহতের পুত্র সুজন সরকার জানিয়েছেন, সুষেনকে খুনের পরে তাঁদের দোকান থেকে টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা। তিনি তাঁর বাবার খুনের বিচার চেয়েছেন। সুষেনের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


গত বছরের শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সে দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লিও। এই পরিস্থিতিতে ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। পরে তাঁর দেহ গাছে ঝুলিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দীপু হত্যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শুধু ভারত নয়, রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক গোষ্ঠীও এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। তার কয়েক দিনের মধ্যে ঢাকায় অমৃত মণ্ডল নামের আরও এক জনকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে।

Bangladesh Unrest Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy