দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পশ্চিম এশিয়ায়। ইজ়রায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। রবিবার বিকেলে জেরুসালেমের কাছে এক আবাসনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। ইজ়রায়েলের বেইত শেমেস শহরেও ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যুর খবর মিলেছে। ইরানকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকে আজ নজর থাকবে।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হচ্ছে দোলযাত্রা ও হোলি উৎসব। ৩ ও ৪ মার্চ দেশ জুড়ে পালিত হবে দোল ও হোলি উৎসব। তাই রাজ্য সরকারের উদ্যোগে সেই আয়োজন করা হয়েছে সোমবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই উৎসব পালিত হবে। বিকেল চারটেয় শুরু।
আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে। দক্ষিণ ২৪ পরগনা সাংগঠনিক বিভাগের ‘যাত্রা’ শুরু হচ্ছে মথুরাপুর সাংগঠনিক জেলার রায়দিঘি থেকে। সেখানে জনসভা করে ‘যাত্রা’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শাহ। বেলা ২টো নাগাদ শাহের জনসভা শুরু হওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দেবেন্দ্র ফডণবীসও আজ রাজ্যের নানা প্রান্তে থাকছেন একই কর্মসূচিতে। আর থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
বিধানসভা ভোটের আগে তফসিলি সম্প্রদায়ের ভোট নিয়ে বিশেষ ভাবে নজর দিচ্ছে তৃণমূল। সপ্তাহের শুরুতেই এই সংক্রান্ত একটি কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার নজরুল মঞ্চে সকাল ১১টায় তফসিলির সংলাপ কর্মসূচিতে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। শুধু তা-ই নয়, আধা সামরিক বাহিনীর সঙ্গেও আলোচনা করবে তারা। রাজ্যে নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসবে তারা। সোমবার সকালে রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) বা জেলাশাসক, পুলিশ সুপার এবং এসএসপি-দের সঙ্গে বৈঠক করবে কমিশন। বিকেলের বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার। এ ছাড়াও, আধা সামরিক বাহিনীর নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশন।
ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের সেমিফাইনাল ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। মুম্বইয়ে খেলা। এই ম্যাচের আগে তিন দিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন সূর্যকুমার যাদবেরা। দলকে গুছিয়ে নেওয়ার পালা গৌতম গম্ভীরের। কী ভাবে তৈরি হচ্ছে ভারত? থাকছে সব খবর।