চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে একটি ব্যাগ থেকে ৬৮ লাখ ৬ হাজার ৫০০ ভারতীয় টাকা বাজেয়াপ্ত করল শুল্ক দফতর। তবে, ওই টাকা আসল না নকল, তা জানাতে পারেননি দফতরের কর্মকর্তারা। এর আগে গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা এক কনটেইনার পণ্য থেকে প্রায় পৌনে তিন কোটি নকল ভারতীয় টাকা বাজেয়াপ্ত করেন শুল্ক দফতরের গোয়েন্দারা। ওই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। মামলাটির তদন্ত কাজ এখনও শেষ হয়নি। তার মধ্যেই ফের টাকা উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
শুল্ক দফতরের এক কর্তা জানিয়েছেন, এই টাকা কে বা কারা এনেছে, তা শনাক্ত করা যায়নি। বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত শুল্ক দফতরের সহকারী কমিশনার আবুল কাশেম জানান, বিমানবন্দরে যাত্রীদের পাঠানো পণ্য রাখার গুদাম পরিদর্শনে গিয়ে ব্যাগটিকে ঘিরে সন্দেহ তৈরি হয়। ব্যাগের সঙ্গে মালিকানার তথ্যসংক্রান্ত কাগজপত্র ছিল না। ব্যাগটি খুলতেই তার ভেতর থেকে ভারতীয় টাকা পাওয়া যায়। যান্ত্রিক পদ্ধতিতে গুণে দেখা যায়, ব্যাগটিতে ৬৮ লাখ ৬ হাজার ৫০০ ভারতীয় টাকা রয়েছে। প্রতিটি ৫০০ টাকার নোট বলে জানান তিনি।