জ্ঞান, সাধনা এবং সাহিত্যচর্চার এক অনন্য মেলবন্ধনে শহর সাক্ষী থাকল এক বিশেষ আয়োজনের। সেই আবহেই গত ১১ এপ্রিল ২০২৬, শ্রী অরবিন্দ ভবনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ‘শ্রী অরবিন্দ ফর ইউ’ বইটি। এই গ্রন্থের সম্পাদক বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ সত্যম রায়চৌধুরী এবং এটি তাঁর বহুল জনপ্রিয় ‘ফর ইউ’ সিরিজ়ের অষ্টম সংযোজন।
‘শ্রী অরবিন্দ ফর ইউ’ বইটি প্রকাশ করেছে ‘দীপ প্রকাশন’। এই গ্রন্থে শ্রী অরবিন্দর নির্বাচিত লেখা, চিঠি, বক্তৃতা এবং কথোপকথনের অংশ সংকলিত হয়েছে। পাশাপাশি বিশিষ্ট গবেষক এবং পণ্ডিতদের চিন্তাধারাও এতে স্থান পেয়েছে, যা সহজ ভাষায় পাঠকের কাছে শ্রী অরবিন্দের দর্শনকে নতুনভাবে তুলে ধরেছে। এই বই শুধু একটি সংকলন নয়, বরং শ্রী অরবিন্দ এবং দ্য মাদার-এর প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।
এই অনুষ্ঠানটির সূচনা করা হয় এক আধ্যাত্মিক পরিবেশের মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতে ভবনের উদ্যানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন সত্যম রায়চৌধুরী। এরপর ফুল অর্পণ, স্তোত্র পাঠ করেন অধ্যাপক তন্ময় ভট্টাচার্য এবং সঙ্গীত পরিবেশন করেন শান্তনু রায়চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পন্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমের প্রতিনিধি দেবদীপ গঙ্গোপাধ্যায় এবং অনাহিতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অমর্ত্য দত্ত, যিনি ভারতীয় স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট-এর পরিচালক। এছাড়াও বক্তব্য রাখেন প্রদীপ ভট্টাচার্য্য।
বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট পণ্ডিতদের লেখায় সমৃদ্ধ এই বইটি পাঠকদের জন্য বিশেষ মূল্যবান। অনুষ্ঠানে সম্পাদক সত্যম রায়চৌধুরী তিনি কী ভাবে এই বই লিখলেন তার গল্প সবার সঙ্গে ভাগ করে নেন, যা অনুষ্ঠানে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।
গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে এই অনুষ্ঠানের সহযোগীদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপর বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়ের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। সমাপ্তি সংগীত পরিবেশন করে ‘অহনা’ সাংস্কৃতিক গোষ্ঠী, তাদের সুরেলা ও আবেগঘন পরিবেশনা এই সমাপ্তিকে আরও সুন্দর করে তোলে।
এই প্রতিবেদনটি ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।