১৭ বছরের কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছিল গাজ়িয়াবাদে। এ বার অভিযুক্তের প্রাণ গেল একাউন্টারে। পুলিশ জানিয়েছে, বাইকে চেপে পালানোর সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন অভিযুক্ত আসাদ। আত্মরক্ষায় তাঁকে গুলি করেছে পুলিশ। তাঁর সঙ্গীরা পলাতক। নিহত সূর্যপ্রতাপ চৌহানের পরিবার বাকি অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে।
গত ২৮ মে, কুরবানির ইদে গাজ়িয়াবাদের খোদা এলাকায় রাস্তার মাঝে সূর্যের সঙ্গে কথা কাটাকাটি হয় আসাদের। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সঙ্গীরাও। অভিযোগ, সূর্যকে কুপিয়ে খুন করেন আসাদ এবং তাঁর সঙ্গীরা। তার পর থেকে তাঁরা পলাতক ছিলেন। মৃতের পরিবার দোষীদের শাস্তির দাবি তোলে। তার পর থেকে খোঁজ চালাচ্ছিল পুলিশ।
ডেপুটি পুলিশ কমিশনার (ট্রান্স হিন্দন) ধবল জয়সওয়াল জানান, সূর্যকে খুনের ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। ঘটনার পরেই তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আসাদ ফেরার ছিল। তাঁকে ধরে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। জয়সওয়াল জানান, শনিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে যৌথ অভিযানে নামে খোদা এবং ইন্দিরাপুরমের পুলিশ। বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে তল্লাশি চালানো হয়। তখন বাইকে চেপে এক সঙ্গীর সঙ্গে পালানোর চেষ্টা করছিলেন আসাদ। সে সময় তাঁকে আটকাতে গেলে পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি ছোড়েন বলে অভিযোগ। পাল্টা পুলিশের গুলিতে তাঁর প্রাণ যায়। তবে তাঁর সঙ্গী পলাতক। তাঁর খোঁজ চলছে।