Advertisement
E-Paper

এ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়কেই এগিয়ে রাখছেন এনরিকে, টানা দু’বার ট্রফি জিতে উচ্ছ্বাসে ভাসছেন পিএসজির ফুটবলারেরাও

২০১৪-১৫ মরসুমে বার্সেলোনাকেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন লুই এনরিকে। পঞ্চম কোচ হিসাবে তিন বা চার বেশি বার এই ট্রফি জিতলেন স্প্যানিশ ম্যানেজার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৩:২১
picture of football

লুই এনরিকে। ছবি: রয়টার্স।

টানা দু’বার ইউরোপ সেরা প্যারিস সঁ জরমঁ। ফুটবলারদের মতোই উচ্ছ্বসিত ফ্রান্সের ক্লাবটির কোচ লুই এনরিকে। আগের বারের চেয়েও এ বারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়কে এগিয়ে রাখছেন তিনি। ফাইনালের প্রতিপক্ষ আর্সেনালের জন্যই এ বারের জয় তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

দলকে ইউরোপ সেরা করার পর এনরিকে বলেছেন, ‘‘এই জয়ের গুরুত্ব বেশি। কারণ আর্সেনালের বিরুদ্ধে খেলা কতটা কঠিন, সেটা আমরা জানতাম। একটা দল এবং শহর হিসাবে আমাদের কাছে এই জয় অবিশ্বাস্য।’’

২০১৪-১৫ মরসুমে বার্সেলোনাকেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন স্প্যানিশ কোচ। পঞ্চম কোচ হিসাবে তিন বা চার বেশি বার এই ট্রফি জিতলেন এনরিকে। তাঁর ন’বছরের মেয়ে জানাকে কেড়ে নিয়েছে ক্যানসার। প্রথম বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সময় তাঁর পাশে ছিল মেয়ে। জানার মৃত্যু এনরিকের জীবন কঠিন করে দিয়েছে। মেয়ের সঙ্গে তাঁর বার্সেলনার পতাকা মাটিতে পোঁতার ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। মেয়েকে হারিয়েও নিজেকে ফুটবলে ডুবিয়ে রাখা এনরিকের কাছে টানা দু’বার ইউরোপের সেরা ট্রফি জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। এনরিকে বলেছেন, ‘‘মরসুমের প্রথম থেকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম, আমরা এই ট্রফি যোগ্য। তবে ফাইনালে খুব হাড্ডাহাড্ডি লড়াই হল।’’

উচ্ছ্বাস গোপন করছেন না পিএসজির ফুটবলারেরাও। অধিনায়ক মার্কুইনহো ২০১৩ থেকে খেলছেন ক্লাবের হয়ে। তিনি বলেছেন, ‘‘এ বারের অনুভূতিটা অন্যরকম। টানা দু’বার আমরা চ্যাম্পিয়ন। অবিশ্বাস্য মনে হচ্ছে। আমরা দেখিয়ে দিয়েছি যে, কতটা আন্তরিক ভাবে ট্রফিটা চেয়েছিলাম। মরসুমের শুরুতেই কোচ আমাদের বলে দিয়েছিলেন, ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা কঠিন। পর পর দু’বার জেতা আরও কঠিন।’ বেশি কঠিন কাজটা করাই আমাদের লক্ষ্য ছিল। আমরা করে দেখাতে পেরেছি।’’

উসমান দেম্বেলে বলেছেন, ‘‘দুর্দান্ত একটা রাত। অসাধারণ। পর পর দু’বার ট্রফি জেতার জন্য আমরা গোটা মরসুম কঠোর পরিশ্রম করেছি। তাই ভীষণ আনন্দ হচ্ছে। এই সাফল্য আমরা উপভোগ করতে চাই।’’ পিএসজি স্ট্রাইকার আরও বলেছেন, ‘‘কাজটা কঠিন ছিল। গোটা মরসুমটাই আমাদের বেশ কঠিন গিয়েছে। আমাদের অনেক কিছু মোকাবিলা করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা আরও এক বার চ্যাম্পিয়ন্স লিগ জিতলাম। দলের সকলে ভীষণ আনন্দিত।’’

UEFA Champions League Luis Enrique Paris Saint-Germain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy