Advertisement
E-Paper

আইপিএলে ফর্মে ফেরা শুভমনের চোখ ভারতীয় দলে, টি২০ বিশ্বকাপে সুযোগ না পাওয়া টেস্ট অধিনায়ক খামতি রাখতে চান না প্রস্তুতিতে

ভারতের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক। তা-ও ফর্মে না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি শুভমন গিল। আইপিএলে ফর্মে ফেরা শুভমন আবার দেশের হয়ে ২০ ওভারের ক্রিকেট খেলতে চান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১২:০৭
picture of cricket

শুভমন গিল। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন। সেই শুভমন গিলই আইপিএলে কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে। প্রায় প্রতি ম্যাচে ধারাবাহিক ভাবে রান করছেন। সাদা বলের ক্রিকেটে ফর্ম ফিরে পাওয়া ভারতের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক দেশের হয়ে ২০ ওভারের ক্রিকেট খেলার আশা ছাড়ছেন না।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএল ফাইনালের আগে জাতীয় টি-টোয়েন্টি দলে ফেরার লক্ষ্যের কথা বলেছেন গুজরাত অধিনায়ক। ভারতীয় দলের প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে শুভমন সরাসরি বলেছেন, ‘‘ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পেলে এবং খেলতে পারলে খুশি হব। সত্যি বলতে, আমি আমার খেলার আরও উন্নতি চাই। ধারাবাহিক ভাবে উন্নতি করতে চাই। টেস্ট, এক দিনের ক্রিকেট বা টি-টোয়েন্টিতে ব্যাটার হিসাবে নিজেকে আরও ভাল করতে চাই।’’ শুভমন বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপের দলে সুযোগ না পেলেও দেশের হয়ে তিন ধরনের ক্রিকেটই খেলতে চান। দেশের জার্সি গায়ে মাঠে নামা এবং দলের জন্য অবদান রাখাই লক্ষ্য তাঁর।

নিজের উন্নতি নিয়ে শুভমন আরও বলেছেন, ‘‘ক্রিকেট এমন একটা খেলা যাতে কখনও পুরোপুরি নিখুঁত হওয়া যায় না। তবে তার জন্য অবশ্যই চেষ্টা করা যায়। আমি সেই চেষ্টাই করি। প্রস্তুতি আমাকে মানসিক ভাবে চনমনে রাখে। জানি পরের সপ্তাহে বা আগামী দু’সপ্তাহে বা আগামী সিরিজ়ে আমায় কী করতে হবে। সেই মতো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। আমার নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলো জানি। ব্যক্তিগত ভাবে এবং দল হিসাবে সফল হওয়ার জন্য কী কী করণীয়, সেগুলোও অজানা নয়। প্রস্তুতির এই পদ্ধতিই আমাকে ভাল রাখে।’’

এ বারের আইপিএলে ১৫টি ম্যাচে ৪৮.১৩ গড়ে ৭২২ রান করেছেন শুভমন। তাঁর ব্যাট থেকে এসেছে একটি শতরান এবং ছ’টি অর্ধশতরান। তাঁর স্ট্রাইক রেট ১৬৩.৭১। দেশের হয়ে ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮.০৩ গড়ে ৮৬৯ রান করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তাঁর স্ট্রাইর রেট ১৩৮.৫৯।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
Indian Cricket team Shubman Gill T20I BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy