মাদক পাচারকারীদের ভেসেল লক্ষ্য করে গুলি চালাল মার্কিন সাদার্ন কমান্ড। সেনা সূত্রে দাবি করা হয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভেসেলে করে মাদক পাচারের চেষ্টা করছিল পাচাকরারীরা। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে সাদার্ন কমান্ড বিবৃতি দিয়ে জানিয়েছেন।
প্রসঙ্গত, এই অঞ্চল দিয়ে মাদক পাচার করা হয়। তাই মার্কিন বাহিনীর কড়া নজরদারি চলে। এর আগেও মাদক পাচারকারীদের বেশ কয়েকটি নৌকা এবং ভেসেল ধ্বংস করেছিল তারা। কিন্তু তার পরেও ওই অঞ্চল দিয়ে রাতের অন্ধকারে মাদক পাচার করা হয়। সাদার্ন কমান্ড সূত্রে জানানো হয়েছে, হামলায় তিন মাদক পাচারকারীর মৃত্যু হয়েছে। ভেসেলটি পুরোপুরি ধ্বংস হয়েছে।
একটি ভিডিয়োও প্রকাশ করেছে সাদার্ন কমান্ড (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভেসেলটিকে তাড়া করছে মার্কিন বাহিনী। তার পরই জোরালো একটা বিস্ফোরণ হয়। মাদক পাচারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে অভিযান চালাচ্ছে আমেরিকা। গত ২৬ মে সাদার্ন কমান্ডও একটি জঙ্গি ভেসেলকে গুলি করে ধ্বংস করে। সেই হামলাতেও এক পাচারকারী নিহত হয়েছিল। তার পর ২৭ মে-তেও ওই একই অঞ্চলে পাচারকারীদের আরও একটি ভেসেলকে ধ্বংস করে মার্কিন বাহিনী। সেই হামলাতেও দু’জনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর থেকে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরালো করে মার্কিন বাহিনী। তাদের অভিযানে ২০০ মাদক পাচারকারীর মৃত্যু হয়েছে বলে বেশ কয়েকটি সূত্রের দাবি।