Advertisement
E-Paper

টুকরো খবর

রান্নার গ্যাসের ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম কমলো। ইন্ডিয়ান অয়েল সূত্রের খবর, এর ফলে কলকাতায় বাড়িতে ব্যবহারের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৬৫৪.৫০ টাকা থেকে কমে হল ৬৪৯ টাকা। দিল্লির দাম কমে দাঁড়াল ৪১৭ টাকা, মুম্বই ৬২৭.৫০ টাকা, চেন্নাই ৬০৮.৫০ টাকা।

শেষ আপডেট: ০২ মে ২০১৫ ০০:০১

কমলো ভর্তুকিহীন এলপিজি, বাড়ল বিমান জ্বালানির দর

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

রান্নার গ্যাসের ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম কমলো। ইন্ডিয়ান অয়েল সূত্রের খবর, এর ফলে কলকাতায় বাড়িতে ব্যবহারের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৬৫৪.৫০ টাকা থেকে কমে হল ৬৪৯ টাকা। দিল্লির দাম কমে দাঁড়াল ৪১৭ টাকা, মুম্বই ৬২৭.৫০ টাকা, চেন্নাই ৬০৮.৫০ টাকা। মধ্যরাত্রি থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বিক্রয়কর বা ভ্যাট-এর উপর নির্ভর করে রাজ্যে রাজ্যে দামে কিছুটা তফাত হয়। এর আগে গত ১ মার্চ ও ১ এপ্রিল এই সিলিন্ডারের দর বেড়েছিল। অন্য দিকে বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম বেড়েছে বিমান জ্বালানি এটিএফের। কলকাতায় প্রতি কিলোলিটার এটিএফের দর ৫৮,৬১৪ টাকা থেকে বেড়ে হল ৫৯,১২২.৮০ টাকা। বিমান চালানোর মোট খরচের ৪০ শতাংশই জ্বালানি খাতে। তবে দাম বাড়ার জেরে বিমান সংস্থাগুলি যাত্রী ভাড়া বাড়াবে কি না, সে ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি তারা।

Advertisement

রোমিং মাসুল কমলো মোবাইলে

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

রোমিং-এ থাকাকালীন ফোন ও এসএমএস মাসুল কমাল বেশ কিছু মোবাইল সংস্থা। যার মধ্যে রয়েছে ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া সেলুলার এবং রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর-কম)। ভোডাফোন জানিয়েছে, আজ, ১ মে থেকে রোমিং-এ ভোডাফোন গ্রাহকদের মোবাইলে আসা ফোনের মাসুল ৪০% কমে হচ্ছে মিনিটে ৪৫ পয়সা। ফোন করলে স্থানীয় কলের মাসুল ৮০ পয়সা এবং এসটিডি ১.১৫ টাকা। ৭৫% হারে কমছে এসএমএসের (স্থানীয় ও এসটিডি) খরচও। এয়ারটেল জানিয়েছে, রোমিং-এ ফোন এলে খরচ কমছে ৪০%। স্থানীয় কলে ২০% ও অন্য সার্কেলে ফোনে ২৩%। স্থানীয় এসএমএসে খরচ কমছে ৭৫%, অন্য সার্কেলে ৭৪%। আইডিয়া ও আর-কমেও রোমিং-এ ফোন আসার মাসুল কমছে ৪০%।

সরাসরি উৎপাদন কমলো পরিকাঠামো শিল্পে

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

ভারতের অর্থনীতির জন্য ফের অশনি সঙ্কেত। আটটি পরিকাঠামো শিল্পে উৎপাদন সরাসরি ০.১% কমলো মার্চে। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মূলত ইস্পাত, সিমেন্ট উৎপাদন এক ধাক্কায় অনেকটা কমাই এর কারণ। গত ১৭ মাসে এত নীচে নামেনি এই শিল্পের উৎপাদন। এর আগে ২০১৩-র অক্টোবরে তা কমেছিল ০.৬%। আর এই পরিসংখ্যানের জেরে সার্বিক শিল্পোৎপাদন বৃদ্ধিও তলানিতে নামার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তার কারণ শিল্প বৃদ্ধির হার হিসাবে আটটি পরিকাঠামো শিল্পের গুরুত্ব ৩৮%। ২০১৪-র মার্চে পরিকাঠামোয় উৎপাদন বেড়েছিল ৪% হারে। এমনকী, ২০১৫-র ফেব্রুয়ারিতেও এই বৃদ্ধি ছিল ১.৪%। মার্চে ইস্পাত উৎপাদন কমেছে ৪.৪%, সিমেন্ট ৪.২%, শোধনাগারের পণ্য ১.৩%, প্রাকৃতিক গ্যাস ১.৫%। তবে কয়লার উৎপাদন বেড়েছে ৬%, অশোধিত তেল ১.৭%, সার ৫.২%, বিদ্যুৎ ১.৭%। গোটা ২০১৪-’১৫ অর্থবর্ষের জন্যও পরিকাঠামোয় উৎপাদন বৃদ্ধি আগের বছরের ৪.২% থেকে কমে হয়েছে ৩.৫%।

ফের পড়ল সূচক

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির টানা শেয়ার বিক্রির জেরে বুধবার আরও ২১৪.৬২ পয়েন্ট পড়েছে সেনসেক্স। এক সময়ে সেনসেক্স নেমে গিয়ে ২৬ হাজারের ঘরেও চলে যায়। পরে তা অবশ্য ফের ফিরে আসে ২৭ হাজারের ঘরে। বাজার বন্ধের সময়ে সূচক থিতু হয় ২৭০১১.৩১ অঙ্কে। এ দিন ডলারে টাকার দাম ১২ পয়সা পড়েছে। প্রতি ডলার দাঁড়িয়েছে ৬৩.৪২ টাকায়।

দাম বাড়ল জ্বালানির, তোপের মুখে কেন্দ্র

বিশ্ব বাজারে অশোধিত তেলের দর বাড়ায় দেশে পেট্রোল ও ডিজেলের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় সমস্ত কর যোগ করে লিটার পিছু পেট্রোল বেড়ে গেল ৩.৬৩ টাকা। দাঁড়াল ৭০.৪৪ টাকায়। ডিজেলের দাম ২.০৯ টাকা বেড়ে হয়েছে লিটারে ৫৪.১৭ টাকা। মাঝে দু’বার পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছিল তেল সংস্থাগুলি। এপ্রিলের গোড়ায় পেট্রোলের দাম লিটার প্রতি ৪৯ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ১ টাকা ২১ পয়সা কমেছিল। ১৬ এপ্রিল ফের পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ১ টাকা ৩০ পয়সা কমানো হয়। কিন্তু এখন এক ধাক্কায় সেই দাম বেড়ে যাওয়ায় বিরোধীদের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার কথায়, ‘‘ফের জনবিরোধী পদক্ষেপ করল সরকার। এখনই দাম কমানো উচিত।’’ তাঁর দাবি, পেট্রোল-ডিজেলের দামে শুল্ক বাবদ অতিরিক্ত ৯০ হাজার কোটি টাকা হাতে পাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার আর্থিক ক্ষতি সামলাতে সেই টাকা ব্যবহার না করে দাম বাড়াল তারা। তাতে ক্ষতি হল কৃষক ও সাধারণ মানুষের।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy