আজ থেকেই আগাম বুকিং শুরু মারুতি সিয়াজের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
৮০০, ওমনি, সুইফট, সুইফট ডিজায়ারের পরে সিয়াজ। ওই গাড়িগুলির মতো সিয়াজের বুকিংও বাজারে আনার এবং দাম জানানোর আগেই আজ, বুধবার থেকে শুরু করে দিচ্ছে মারুতি-সুজুকি ইন্ডিয়া। এবং এই গাড়িটির হাত ধরেই মাঝারি ও দামি সেডান-এর বাজারে প্রথম পা রাখছে সংস্থা। আসন্ন উৎসবের মরসুমেই সিয়াজ বাজারে আসবে বলে জানালেও সংস্থা দিনক্ষণ খুলে বলেনি। সংশ্লিষ্ট সূত্রের খবর, অক্টোবরের মাঝামাঝি পেট্রোল ও ডিজেলচালিত এই গাড়ির চাকা গড়াবে। যার লড়াই মূলত হোন্ডা সিটি ও হুন্ডাইয়ের ভার্না-র সঙ্গে। ২১ হাজার টাকায় দেশ জুড়ে ১৩৭০টি বিপণন কেন্দ্রে সিয়াজের বুকিং হবে। সংস্থার মুখপাত্রের বক্তব্য, আগাম বুকিং থাকলে দ্রুত গাড়ি পাবেন ক্রেতা। মিলবে ৪টি মডেলে। ডিজেলচালিত গাড়িটি লিটারে ২৬.১২ কিমি পথ যাবে। সংস্থার দাবি, এটি দেশে সবচেয়ে জ্বালানি সাশ্রয়কারী। পাশাপাশি, পেট্রোলচালিত গাড়িটি যাবে ২.৭৩ কিমি। এ দিকে, সম্প্রতি এলিট আই২০ বাজারে এনেছে হুন্ডাই। তাদের দাবি, প্রথম ২০ দিনেই ১৫৩০০টি বুকিং মিলেছে। সংস্থার অন্যতম কর্তা রাকেশ শ্রীবাস্তব জানান, চাহিদা সামলাতে তাঁরা গাড়িটির উৎপাদন বাড়াচ্ছে।
কিংফিশারের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল কিংফিশার এয়ারলাইন্সের আবেদন। সোমবার সংস্থা ও তার কর্ণধার বিজয় মাল্য ইচ্ছাকৃত ভাবে ঋণ বাকি রেখেছেন বলে ঘোষণা করেছিল ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া (ইউবিআই)। এই ঘোষণার উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে যায় কিংফিশার। সেই আবেদনই খারিজ করে সুপ্রিম কোর্ট জানাল, ইতিমধ্যেই ওই ঘোষণা করে দিয়েছে ব্যাঙ্ক। ফলে সংস্থা চাইলে হাইকোর্টে এ নিয়ে আর্জি জানাতে পারে। পরে কিংফিশার জানায়, ভবিষ্যতে ওই ঘোষণাকে জোরালো ভাবে চ্যালেঞ্জ জানাবে সংস্থা।
সুযোগ জেট এয়ারে
সংবাদ সংস্থা • মুম্বই
স্পাইসজেটের পরে এ বার জেট এয়ার। ঘরোয়া উড়ানে ৫০০ টাকার টিকিট আনার কথা জানাল তারা। তবে এর সঙ্গে যোগ হবে কর। বুধ ও বৃহস্পতিবার এই টিকিট কাটা যাবে। এতে যাওয়া যাবে সংস্থার সরাসরি উড়ানের ইনকমি শ্রেণিতে। যাত্রা করতে হবে ২০১৫-র ১৬ জানুয়ারির পর থেকে। তবে কেউ এক সঙ্গে অনেক টিকিট কাটতে পারবেন না বলে জানিয়েছে জেট।
টিভিএসের নয়া স্কুটার
রাজ্যের বাজারে সম্প্রতি এল টিভিএসের নতুন ‘স্কুটি জেস্ট ১১০’। এতে রয়েছে ১০৯.৭ সিসি ইঞ্জিন। সংস্থার দাবি, এই স্কুটারে ঘণ্টায় শূন্য থেকে ৬০ কিমি গতি উঠবে মাত্র ১১.১ সেকেন্ডে। যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকেও নজর রাখা হয়েছে নয়া স্কুটারটিতে। মিলবে পাঁচটি রঙে। কলকাতায় দাম ৪৫,৮০০ টাকা।
খেলায় ব্যস্ত খুদে। সম্প্রতি দু’দিন ধরে শহরের বই বিপণি স্টোরি-তে ফানস্কুলের তৈরি প্লাস্টিকের
ছোট ছোট বিল্ডিং ব্লক ‘লেগো’ নিয়ে মেতে ওঠে তারা। তৈরি করে পুলিশম্যানের ৬ ফুট
লম্বা প্রতিকৃতি। পরে তাদের হাতে পুলিশম্যানের ছোট লেগো প্রতিকৃতি তুলে দেন
কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার-২ সৌমেন মিত্র। নিজস্ব চিত্র