অনিশ্চয়তা পিছু ছাড়ল না নতুন বছরেও। ২০২৫-এ ভারতের বাজারে নিট ১.৬৬ লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। ২০২৬-এ পা রেখে সেই প্রবণতা বহাল রইল। জানুয়ারির প্রথম দু’দিনে ৭৬০৮ কোটিতুলে নিল তারা। সেই সঙ্গে প্রশ্ন উঠল,শনিবার আমেরিকার ভেনেজ়ুয়েলা আক্রমণের পরে কি আরও বেশি সতর্ক হবে ওই সব সংস্থা? সংশ্লিষ্ট মহলের দাবি, যে কোনও ভূ-রাজনৈতিক অস্থিরতা উন্নয়নশীল দেশগুলিকে সব থেকে বেশি ঝুঁকির মুখে ফেলে। ফলে সেখানে সাবধানে পা ফেলেন সব লগ্নিকারীরা। তাই ভারত থেকে আরও বিদেশ পুঁজি সরার আশঙ্কা থাকছেই। একাংশের মতে, আমেরিকা সরাসরি সংঘাতে নামায় তাদের বাজার ধাক্কা খেতে পারে। তার জেরও পড়তে পারে ভারত-সহ সারা বিশ্বের শেয়ার লেনদেনে। বিদেশি পুঁজি এই সব প্রতিক্রিয়ায় চোখ রেখে সিদ্ধান্ত নেবে।
বিশেষজ্ঞদের মতে, বেশ কয়েক বছর ধরে চলতে থাকা ভূ-রাজনৈতিক অস্থিরতার সঙ্গে যোগ হয়েছে ভারতের পণ্যে আমেরিকার চাপানো ৫০% শুল্ক, ডলার-সহ বিভিন্ন মুদ্রার সাপেক্ষে টাকার টানা পতন। ফলে বহু দিন ধরেই বিদেশি লগ্নি সংস্থাগুলি ভারত ছাড়ছে। তাতে আরও ইন্ধন জোগাল ভেনেজ়ুয়েলায় হামলা এবং সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ।
তবে জিয়োজিৎ ইনভেস্টমেন্টস-এর কর্তা ভি কে বিজয়কুমারের দাবি, বিশ্ব বাজারে অনিশ্চয়তা সত্ত্বেওদেশের অর্থনীতির ভিত পোক্ত। আর্থিক বৃদ্ধির হার চড়া এবং ভাল ফলের আশা করছে শিল্প মহল। অ্যাঞ্জেল ওয়ানের ওয়াকরজাভেদ খানের বক্তব্য, ভারত-আমেরিকার বাণিজ্য সম্পর্কে স্থিতিশীলতা এলে এবং বিভিন্ন দেশে সুদ কমলে ভারতে ফিরতে পারে বিদেশি পুঁজি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)