E-Paper

সাইবার হানা নিয়ে সতর্ক থাকার পরামর্শ অর্থমন্ত্রী নির্মলার, নজরে কি 'মিথোস'?

এ দিন অর্থমন্ত্রী জানান, শুধু সেবি-ই নয়। ব্যাঙ্ক-সহ সমস্ত নিয়ন্ত্রিত আর্থিক সংস্থাকে সাইবার হানা নিয়ে সজাগ থকতে হবে। কারণ, একটি বড় সংস্থায় আক্রমণ সফল হলে সারা দেশের মূলধনী বাজারে তার প্রভাব পড়বে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ০৬:৩৩

— প্রতীকী চিত্র।

সাইবার সুরক্ষা নিয়ে আর্থিক পরিষেবা ক্ষেত্রকে আরও সতর্ক হতে বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অ্যানথ্রপিকের ‘মিথোস’ নামের কৃত্রিম মেধা প্রযুক্তি ঘিরে তোলপাড় হচ্ছে এই ক্ষেত্র। অভিযোগ উঠছে, কোনও ব্যবস্থার ফাঁকফোকর খুঁজে বার করে আক্রমণ করতে সিদ্ধহস্ত সেটি। এর পরেই এই প্রযুক্তি নিয়ে সতর্কবার্তা শোনাচ্ছে সব দেশ। শনিবার সেবির প্রতিষ্ঠা দিবসে অবশ্য নির্মলা মিথোসের নাম করেননি। তবে জানিয়েছেন, স্টক এক্সচেঞ্জ, ডিপজ়িটরি ছাড়াও বড় ব্রোকিং সংস্থায় সাইবার আক্রমণ শেয়ার বাজারে বড় বিপর্যয় ঘটাতে পারে। এ ধরনের আক্রমণ যোঝা এবং তা রোখার দিকে নজর দিতে বলেছেন অর্থমন্ত্রী।

উল্লেখ্য, এই ধরনের সাইবার হানা নিয়ে গত বৃহস্পতিবারই ব্যাঙ্কের কর্তাদের নিয়ে বৈঠকে বসে কেন্দ্র। নির্মলা ছাড়াও উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সি এস শেট্টির নেতৃত্বে সেখানে বিশেষ কমিটি তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। যাদের কাজ হবে কৃত্রিম মেধা প্রযুক্তি যাতে আর্থিক পরিষেবায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, তার পথ খোঁজা।

এ দিন অর্থমন্ত্রী জানান, ‘‘শুধু সেবি-ই নয়। ব্যাঙ্ক-সহ সমস্ত নিয়ন্ত্রিত আর্থিক সংস্থাকে সাইবার হানা নিয়ে সজাগ থকতে হবে। কারণ, একটি বড় সংস্থায় আক্রমণ সফল হলে সারা দেশের মূলধনী বাজারে তার প্রভাব পড়বে।’’ বিশেষত, নিত্যনতুন পদ্ধতিতে যে ভাবে আক্রমণ হচ্ছে, সেগুলি প্রতিহত করার জন্য আগে থেকে আরও দ্রুতগতিতে তৈরি হওয়া জরুরি বলে মনে করেন তিনি।

পাশাপাশি, ভারতের আর্থিক ক্ষেত্রে আস্থা বজায় রাখতে আরও কৌশলী ও সুরক্ষিত ব্যবস্থা গড়ে তুলতে অন্যান্য দেশের নিয়ন্ত্রগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলার কথাও বলেছেন মন্ত্রী। দিয়েছেন, এই ক্ষেত্রে একটিই কেওয়াইসি ব্যবস্থা গড়ার পরামর্শও। ‘ডিপফেক ভিডিয়ো’-সহ প্রযুক্তির মাধ্যমে হওয়া জালিয়াতি রুখতে সেবি যে সব পদক্ষেপ করেছে, শনিবার তার প্রশংসাও করেন তিনি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Cyber Security Nirmala Sitharaman cyber security tips

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy