E-Paper

রোলার কোস্টারে সওয়ার সোনা-রুপোর দাম! অনিশ্চয়তাকে সঙ্গী করে অক্ষয় তৃতীয়ায় সেজে উঠছে গয়নার বাজার

কলকাতায় ১৫০০ টাকা বেড়ে ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ১,৫৩,৯৫০ টাকা হয়েছে। খুচরো রুপোর কেজি ৫৩৫০ টাকা বেড়ে হয়েছে ২,৫৬,১৫০। ব্যবসায়ীদের দাবি, দামের ওঠানামা এখন ক্রেতাকে তেমন ভাবাচ্ছে না। ফলে দোকান সাজিয়ে অপেক্ষা করছেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ০৫:৫৯

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্থান-পতনকে সঙ্গী করেই নববর্ষ পালন করছে গয়নার বাজার। বাংলার নতুন বছরের প্রথম দু’দিনে কমেছিল সোনা-রুপোর দাম। শনিবার, অক্ষয় তৃতীয়ার আগের দিন ফের বেড়েছে। কলকাতায় ১৫০০ টাকা বেড়ে ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ১,৫৩,৯৫০ টাকা হয়েছে। খুচরো রুপোর কেজি ৫৩৫০ টাকা বেড়ে হয়েছে ২,৫৬,১৫০। ব্যবসায়ীদের দাবি, দামের ওঠানামা এখন ক্রেতাকে তেমন ভাবাচ্ছে না। ফলে দোকান সাজিয়ে অপেক্ষা করছেন তাঁরা। আজ রবিবার, অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হলেই বিক্রিবাটা বাড়বে বলে আশা। একাংশের মতে, অনেকেই বিভিন্ন ছাড় সম্পর্কে খোঁজ নিচ্ছেন। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ মনে করা হয়। তাই তাঁরা নিশ্চিত, ভিড় হবে।

তবে ব্যবসায়ীদের একাংশ চিন্তিত ভোটের বাজারে বিভিন্ন জায়গায় চলা নাকা তল্লাশি নিয়ে। সেনকো গোন্ড অ্যান্ড ডায়মন্ডস-এর এমডি শুভঙ্কর সেন বলছেন, ‘‘অক্ষয় তৃতীয়ায় বহু ক্রেতা গয়না কিনবেনই। তার উপর সামনেই বিয়ের মরশুম শুরু হচ্ছে। সেই কেনাকাটাও শুরু হবে আজ। তবে নাকা তল্লাশি কিছুটা আশঙ্কা তৈরি করেছে। অনেকেই নগদ টাকা বা পুরনো গয়না নিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন। ফলে সমস্যা হচ্ছে। তবে অনলাইনে টাকা মেটালে ঝক্কি থাকবে না।’’ স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে বলেন, ‘‘পয়লা বৈশাখেও খদ্দের ছিল। ফলে অক্ষয় তৃতীয়ায় বিক্রির আশায় দোকান সাজিয়েছি। তবে অনেকে পুরনো গয়না দিয়ে নতুন গয়না কেনেন। তাঁরা নাকা তল্লাশির জন্য পিছিয়ে যাবেন কি না, চিন্তায় আছি।’’ গয়নার পাইকারি ব্যবসায়ী চিত্তরঞ্জন পাঞ্জার আক্ষেপ, ‘‘সোনার দাম নয়, নাকাই আমাদের বিক্রিতে বিরাট ধাক্কা দিয়েছে। বহু গয়না ব্যবসায়ীই নগদ নিয়ে যাতায়াত করতে পারছেন না।’’

বনগাঁর গয়না ব্যবসায়ী বিনয় সিংহ অবশ্য জানান, ‘‘পয়লা বৈশাখে ব্যবসা জমেনি। অক্ষয় তৃতীয়ায় তাই ভাল ফলের আশায় আছি।’’ ছোট গয়নার দোকানের সংগঠন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দারের মতে, ‘‘বাজার বদলাচ্ছে। এ বার পয়লা বৈশাখেও দেখেছি, পরিমাণের নিরিখে সোনা কম বিকিয়েছে। কিন্তু টাকার দিকে থেকে ব্যবসা হয়েছে বেশি। অক্ষয় তৃতীয়াতেও সেটাই হয়তো হবে।’’

স্বর্ণ ব্যবসায়ীদের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এ বার অক্ষয় তৃতীয়ায় সোনার দাম প্রায় ৬০% এবং রুপোর ১৬৫% পর্যন্ত বেড়েছে। যা কিছু ক্রেতাকে বাজারবিমুখ করলেও, লগ্নি হিসেবে এগুলির প্রতি অনেকের ভরসা বাড়িয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gold and Silver Price Akshaya Tritiya gold shop gold and silver

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy