E-Paper

শুল্ক কমায় চড়ল শেয়ার বাজার, শুল্কেরই অনিশ্চয়তায় বাড়ল সোনা-রুপোর দাম

বাজার বিশেষজ্ঞদের দাবি, আমেরিকার আদালতে ট্রাম্প-শুল্ক বাতিল হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন লগ্নিকারীরা। তাই শেয়ার বাজার উঠেছে। তবে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। যে কারণে শুল্ক ওঠার স্বস্তিতে সূচক যে ভাবে লাফাতে পারে বলে আশা করা হয়েছিল, তা হয়নি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫২

—প্রতীকী চিত্র।

এক দিকে আমেরিকার সুপ্রিম কোর্ট বিভিন্ন দেশের পণ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্ক খারিজ করায় কিছুটা চাঙ্গা হল শেয়ার বাজার। ডলার দুর্বল হওয়ায় বাড়ল টাকার দাম। অন্য দিকে, ট্রাম্প খারিজ হওয়া শুল্কের জায়গায় তৎক্ষণাৎ ফের ১৫% শুল্ক চাপিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করায় চড়ল সোনা-রুপো। সোমবার সেনসেক্স প্রায় ৪৮০ পয়েন্ট উঠে হয়েছে ৮৩,২৯৪.৬৬ অঙ্ক। আর নিফ্‌টি প্রায় ১৪২ উঠে দিনের শেষে দাঁড়িয়েছে ২৫,৭১৩-এ। এক ডলারের দাম ৫ পয়সা পড়ে হয়েছে ৯০.৮৯ টাকা। অন্য দিকে, কলকাতার বাজারে ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ৭০০ টাকা বেড়ে পৌঁছেছে ১,৫৮,৮৫০ টাকায়। প্রতি কেজি খুচরো রুপো চড়ে গিয়েছে ২৪৫০ টাকা। দাম দাঁড়িয়েছে ২,৬৫,৪০০ টাকা।

বাজার বিশেষজ্ঞদের দাবি, আমেরিকার আদালতে ট্রাম্প-শুল্ক বাতিল হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন লগ্নিকারীরা। তাই শেয়ার বাজার উঠেছে। তবে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। যে কারণে শুল্ক ওঠার স্বস্তিতে সূচক যে ভাবে লাফাতে পারে বলে আশা করা হয়েছিল, তা হয়নি। তাঁদের মতে, অনিশ্চয়তার জন্য শুল্ক এবং বাণিজ্য চুক্তি নিয়ে কিছু ধন্দ যেমন দায়ী, তেমনই রয়েছে ভূ-রাজনৈতিক জটিলতার আশঙ্কা। মূলত আমেরিকা এবং ইরানের তেতে ওঠা সম্পর্কই যার কারণ। সংশ্লিষ্ট মহলের দাবি, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এ দিন সোনা-রুপোর দাম চড়ারও অন্যতম কারণ।বহু লগ্নিকারী শেয়ার-বন্ড ছেড়ে সেগুলিতে ঝুঁকেছেন। সুরক্ষিত লগ্নি হিসেবে যার কদর বেশি। তাই সূচকও খুব বেশি ওঠেনি, আবার সোনা-রুপোও চড়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gold and Silver Price Gold Price Silver Price Share Market India US Tariff Row

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy