Advertisement
E-Paper

অবশেষে গঠিত হচ্ছে পূর্ণাঙ্গ শুভেন্দু মন্ত্রিসভা! লোক ভবনে সোমবার মন্ত্রিপদে শপথ নেবেন আরও ৩৫ বিজেপি বিধায়ক

মুখ্যমন্ত্রী-সহ বর্তমান ছয় সদস্যের মন্ত্রিসভার সঙ্গে আরও ৩৫ জন যুক্ত হলে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১। শপথগ্রহণ অনুষ্ঠানের সময়ও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৮:১১
সোমবার রাজ্য মন্ত্রিসভায় শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার রাজ্য মন্ত্রিসভায় শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল ছবি।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে সোমবার। লোক ভবনে কত জন মন্ত্রী শপথ নেবেন, তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর পোস্ট, “আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভার সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১টায় লোক ভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি মহোদয় তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।”

৪ মে তৃণমূলকে পরাজিত করে প্রথম বারের মতো বাংলায় ক্ষমতায় আসে বিজেপি। ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। তাঁর সঙ্গে আরও পাঁচ মন্ত্রীও শপথগ্রহণ করেন। সেই সময় থেকেই শুভেন্দুর মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর আলোচনা চলছিল। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দিল্লিতে পৃথক ভাবে দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রিসভা সম্প্রসারণ যে কোনও সময় হতে পারে বলে জল্পনা শুরু হয়। অবশেষে জুন মাসের প্রথম দিনেই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে বিজেপি।

মুখ্যমন্ত্রী-সহ বর্তমানে ছয় সদস্যের মন্ত্রিসভার সঙ্গে আরও ৩৫ জন যুক্ত হলে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১। সাংবিধানিক বিধান অনুযায়ী, কোনও রাজ্যের বিধানসভার মোট সদস্যসংখ্যার ১৫ শতাংশের বেশি মন্ত্রী হতে পারেন না। সেই হিসেবে ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী রাখা সম্ভব। রাজ্য বিজেপির একটি সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠন নিয়ে কিছুটা সময় নেওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। এ বারের নির্বাচনে রাজ্যের প্রায় সব জেলা থেকেই বিজেপি উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে। তাই দলের শীর্ষনেতৃত্ব চাইছে, মন্ত্রিসভায় যেন সব জেলার যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। সেই কারণেই সময় নিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হচ্ছে।

মনে করা হচ্ছে, সোমবার শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দিতে পারেন। বিজেপির ২০৮ জন জয়ী বিধায়কদের মধ্যে কাদের মন্ত্রী করা হচ্ছে, সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি শুভেন্দু।

New Cabinet Suvendu Adhikari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy