টি-টোয়েন্টি যে ক্রমশ ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে তা বোঝা গেল রবিবার। চিনের বিরুদ্ধে ৩০০-র উপর রান তুলল নেপাল। শুধু তাই নয়, একটি ওভারে ছ’টি ছয় মারলেন নেপালের ক্রিকেটার কুশল ভুর্তেল। সেই ম্যাচে তৈরি হল আরও কয়েকটি নজির। টি-টোয়েন্টিতে প্রথম বার ছ’টি ছয় মারার নজির গড়েছিলেন যুবরাজ সিংহ। পরে আরও তিন ব্যাটার এই কীর্তি গড়েছিলেন। সেই তালিকায় নাম লেখালেন কুশলও।
নেপাল শুরুতেই একটি উইকেট হারিয়েছিল। সেই চাপ দলের উপরে পড়তে দেননি কুশল। শুরু থেকেই তিনি মারকুটে ক্রিকেট খেলেন। পাঁচটি চার এবং ১৬টি ছয় মেরে তিনি ৪৩ বলে ১২৯ রান করেছেন। এ ছাড়া ভাল খেলেছেন রোহিত পৌড়েল (২১ বলে ৬৯) এবং কুশল মাল্লাও (৪৭ বলে ৮৫)। চিনের বিরুদ্ধে ৩১৩/৬ তোলে নেপাল।
চিনের চেন ঝুয়োকে এক ওভারে ছ’টি ছয় মেরেছেন কুশল। সেই ওভারে একটি ওয়াইডও করেন ঝুয়ো। ফলে ৩৭ রান ওঠে সেই ওভারে, যা ক্রিকেটে একটি ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান।
টি-টোয়েন্টিতে পঞ্চম ব্যাটার হিসাবে এক ওভারে ছ’টি ছয় মারলেন কুশল। যুবরাজ ২০০৭-এ ইংল্যান্ডের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন। এর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে কায়রন পোলার্ড, কাতারের বিরুদ্ধে দীপেন্দ্র সিংহ ঐরী, জিব্রাল্টারের বিরুদ্ধে মনন বশিরের এই কীর্তি রয়েছে। এর মধ্যে দীপেন্দ্রও নেপালের ক্রিকেটার।
আরও পড়ুন:
নেপাল ম্যাচটি জিতেছে ২২১ রানে। তারা ক্রিকেটবিশ্বের প্রথম দল হিসাবে দু’বার তিনশোর বেশি রান তুলল। এর আগে ২০২৩-এর সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪/৩ তুলেছিল তারা। এখনও পর্যন্ত মাত্র চারটি দল টি-টোয়েন্টিতে ৩০০-র বেশি রান তুলতে পেরেছে।