Advertisement
E-Paper

ইচ্ছেমতো ভিটামিন সাপ্লিমেন্ট খাচ্ছেন! জানেন কি সেই অভ্যাস কী কী বিপদ ডেকে আনতে পারে?

কোনটি খেলে পুষ্টির ঘাটতি পূরণ হবে, এর কিছু সহজ সরল অঙ্ক পুষ্টিবিদ, চিকিৎসক বা সমাজমাধ্যম প্রভাবীরা জানিয়ে যাচ্ছেন দিবারাত্র। মানুষও তার থেকে ধারণা করে, নিজের মতো করে বেছে নিচ্ছেন ভিটামিন সাপ্লিমেন্ট। কিন্তু তার পরে কী হচ্ছে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৮:২০
ভিটামিন বেশি খেলে ক্যানসারও হতে পারে!

ভিটামিন বেশি খেলে ক্যানসারও হতে পারে! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কথায় বলে ‘অল্পবিদ্যা ভয়ঙ্করী’! আর স্বাস্থ্য নিয়ে মানুষের সেই অল্প জ্ঞানই ইদানীং বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেক ক্ষেত্রে।

ইন্টারনেটের কল্যাণে এবং সমাজমাধ্যমের দৌলতে মানুষ এখন নিজের শরীর সম্পর্কে অনেক কিছুই সহজে জানতে পারছেন। কোনটি খেলে শরীরের কোন অংশটি ভাল থাকবে। কোনটি খেলে পুষ্টির ঘাটতি পূরণ হবে, এর কিছু সহজ সরল অঙ্ক পুষ্টিবিদ, চিকিৎসক বা সমাজমাধ্যম প্রভাবীরা এসে জানিয়ে যাচ্ছেন দিবারাত্র। মানুষও তার থেকে ধারণা করে, ইন্টারনেটে আরও কিছু বাড়তি পড়াশোনা করে নিজের জন্য সম্ভাব্য পুষ্টিগুণের ব্যবস্থা করছে। আর সেখানেই হচ্ছে গণ্ডগোল।

ধরা যাক কেউ চান ত্বকে বলিরেখা না পড়ুক। তিনি সমাজমাধ্যমে জানতে পারলেন, তার জন্য কোলাজেন নামক প্রোটিনের উৎপাদন শরীরে বৃদ্ধি করা দরকার। আর কোলাজেন তৈরির জন্য দরকার ভিটামিন সি। অতএব রোজ ভিটামিন সি খেলেই ত্বকে বলিরেখা পড়বে না, চুল পড়ে যাবে না, চেহারা থাকবে তারুণ্যে ভরপুর। কিন্তু সত্যিই কি তাই? এক সমাজমাধ্যম প্রভাবী তরুণী ওই সহজ সরল অঙ্ক কষে নিয়মিত ভিটামিন সি সাপ্লিমেন্ট খাওয়া শুরু করেছিলেন। এক বছর দেখলেন, তাঁর চোখের তলায় কালি পড়তে শুরু করেছে। শরীরেও শুরু হয়েছে নানা সমস্যা। হজমের সমস্যার পাশাপাশি কিডনিতে স্টোনের সমস্যা হওয়ায় অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। চিকিৎসক পরে তাঁর ভিটামিন সি খাওয়ার অভ্যাসের কথা জানতে পেরে চমকে যান। কারণ, ওই সবক’টি উপসর্গই ভিটামিন সি-এর ওভারডোজ় হওয়ার ফল! ঘটনাটির কথা ওই সমাজমাধ্যম প্রভাবী নিজেই জানিয়েছিলেন তাঁর অ্যাকাউন্টে।

তবে তেমন সত্যি ঠেকে শেখার থেকে যদি আগাম জানা যায়, তাহলে নিজের ভাল করতে গিয়ে অনাবশ্যক বিপদ বাড়ে না।

শরীর দুর্বল লাগলে, ক্লান্তি দূর করতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চিকিৎসকেরা মাল্টিভিটামিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ঠিকই কিন্তু তাঁরাও রোগীর শারীরিক অবস্থা বিচার করে, তার পরেই সেই পরামর্শ দেন। কিন্তু কেউ যদি চিকিৎসকের পরামর্শ ছাড়াই হরেক রকমের ভিটামিন বা মাল্টিভিটামিন খাওয়া শুরু করেন, তবে তার ফল কতটা মারাত্মক হতে পারে তা বলছে গবেষণাই। দেখা গিয়েছে, অনেক ক্ষেত্রে এই ধরনের ভিটামিন অতিরিক্ত খেলে ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।

গবেষণায় কী দেখা গিয়েছে?

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ উল্লিখিত এবং সায়েন্স ডেলি নামের মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, রক্তে ভিটামিন বি১২-এর মাত্রা বেশি থাকলে ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। তবে চিকিৎসকদের মতে, এর মানে এই নয় যে ভিটামিন বি১২ সরাসরি ক্যানসার তৈরি করছে। আসলে শরীরে অন্য কোনও বড় রোগ, যেমন—লিভারের সমস্যা, কিডনির রোগ বা রক্তাল্পতা থাকলে রক্তে বি১২-এর মাত্রা আচমকা বেড়ে যেতে পারে। তাই পরীক্ষা না করে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া যেকোনও ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া ঠিক নয়।

যে সব সাপ্লিমেন্ট প্রয়োজনের বেশি খেলে ক্ষতির সম্ভাবনা বাড়ে

ভিটামিন বি১২: জলে দ্রবণীয় হলেও শরীরে যাওয়া অতিরিক্ত ভিটামিন বি১২ সব সময়ে প্রস্রাবের মাধ্যমে বার হতে পারে না। এটি লিভারে জমা হয়ে থাকে। তা থেকেই বাড়তে থাকে ক্যানসারের ঝুঁকি।

ভিটামিন ডি ও ক্যালসিয়াম: এ দেশে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট যখন-তখন খাওয়ার প্রবণতা রয়েছে সবচেয়ে বেশি। আর এই দুই পুষ্টি উপাদান অতিরিক্ত পরিমাণে খেলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়। কিডনিতে পাথর হওয়া, শরীর শুকিয়ে যাওয়া, এমনকি হার্টের স্বাভাবিক ছন্দেও সমস্যা দেখা দিতে পারে।

আয়রন ও ভিটামিন এ: বেশি আয়রন খেলে পেটের সমস্যা হয়। আবার অতিরিক্ত ভিটামিন এ লিভার, হাড়, ত্বক এবং গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে।

জিঙ্ক ও বায়োটিন: বেশি জিঙ্ক খেলে শরীরে তামা বা কপারের অভাব হয়। আর অতিরিক্ত বায়োটিন শরীরে থাকলে থাইরয়েড বা হার্টের রক্ত পরীক্ষার রিপোর্ট ভুল আসতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।

ভেষজ বা ন্যাচারাল সাপ্লিমেন্ট: অনেকেই আয়ুর্বেদিক ওষুধ হিসাবে, পার্শ্বপ্রতিক্রিয়াহীন ভেবে ‘ন্যাচারাল’ সাপ্লিমেন্ট খেয়ে থাকেন। কিন্তু তা সম্পূর্ণ নিরাপদ নয়। এগুলি অনেক সময়ে হার্ট, ক্যানসার বা ডায়াবিটিসের ওষুধের কাজে বাধা দেয়।

Vitamin Vitamin Supplements
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy