Advertisement
E-Paper

গরমের সময়ে পেঁয়াজ ও রসুন ছাড়া ঝিঙে-পনিরের তরকারি রাঁধেন নীনা গুপ্ত, শিখিয়ে দিলেন রন্ধনপ্রণালীও

সমাজমাধ্যমে ঝিঙে ও পনিরের তরকারি রান্না করে দেখিয়েছেন নীনা গুপ্ত। যদিও এই রেসিপি খুব প্রচলিত নয় দেশের সর্বত্র, কিন্তু নীনার বক্তব্য, পেঁয়াজ রসুন ছাড়া খুব সহজেই এটা বানানো যায়। জেনে নিন কী ভাবে রাঁধবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৭:২৩
নীনা গুপ্তের স্বাস্থ্যকর রেসিপি।

নীনা গুপ্তের স্বাস্থ্যকর রেসিপি। ছবি: সংগৃহীত।

গরম পড়লেই শরীরের সঙ্গে সঙ্গে হজমশক্তির উপরেও বাড়তি চাপ পড়ে। অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খেলে অনেকেরই অম্বল, গ্যাস, পেটফাঁপা শুরু হয়। এই সময়ে হালকা, পুষ্টিকর এবং সহজপাচ্য খাবারের দিকেই ঝোঁক বাড়াতে বলছেন পুষ্টিবিদেরা। আর সেই তালিকায় জায়গা করে নিতে পারে অভিনেত্রী নীনা গুপ্তের পছন্দের ঝিঙে-পনিরের তরকারি।

সম্প্রতি সমাজমাধ্যমে এই পদ রান্না করে দেখিয়েছেন অনুগামীদের। সহজলভ্য, ঘরোয়া, ভারতীয় উপকরণ দিয়ে রান্না করতেই দেখা যায় তাঁকে। আর এই মরসুমে ঝিঙের মতো সব্জিই বেছে নিয়েছেন তিনি। সঙ্গে রেখেছেন পনির। যদিও এই রেসিপি খুব প্রচলিত নয় দেশের সর্বত্র, কিন্তু নীনার বক্তব্য, পেঁয়াজ রসুন ছাড়া খুব সহজেই এটা বানানো যায়। নিজের বাড়িতে প্রায়ই এই তরকারি রাঁধেন তিনি। জেনে নিন কী ভাবে বানাবেন?

রোজ সহজলভ্য উপকরণ দিয়ে রান্না করেন নীনা।

রোজ সহজলভ্য উপকরণ দিয়ে রান্না করেন নীনা। ছবি: সংগৃহীত

উপকরণ

২ কাপ ঝিঙের টুকরো

১ কাপ পনিরের টুকরো

আধ কাপ টম্যাটোর টুকরো

২ টেবিল চামচ ঘি

১ টেবিল চামচ গোটা জিরে

১ টেবিল চামচ লঙ্কাগুঁড়ো

১ চা চামচ আদাবাটা

আধ চা চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো নুন

প্রণালী

এই ধরনের তরকারি বানাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। ঘিয়ে জিরে ও শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে আদা ও টম্যাটো দিয়ে দিন। মশলা কষিয়ে নিয়ে ঝিঙের টুকরোগুলি ঢেলে দিন। তার পর নুন ও হলুদ মিশিয়ে নাড়াচাড়া করে নিন। ঝিঙে থেকে জল বেরোতে থাকলে আঁচ বাড়িয়ে ঘন করে নিন। রান্নার শেষের দিকে পনিরের টুকরো মিশিয়ে দিন। খানিক ক্ষণ রান্না করে গ্যাস বন্ধ করে দিন। ভাত বা রুটির সঙ্গে তৃপ্তি করে খেতে পারেন।

এই পদটি শরীরকে প্রোটিন জোগানোর পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। ঝিঙেতে ক্যালোরির পরিমাণ কম, কিন্তু জলের পরিমাণ অনেক বেশি। ফলে গরমের দিনে শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। যাঁরা নিরামিষ খান, তাঁদের শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে পনিরের জুড়ি মেলা ভার। আর দুয়ে মিলে বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার হতে পারে এটি।

Neena Gupta Jhinge Recipe Paneer Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy