Advertisement
E-Paper

জয় রাইডে চড়ার আনন্দ বদলে গেল আতঙ্কে! ১০০ ফুট উচ্চতায় ঘণ্টার পর ঘণ্টা আটকে রইল আট পড়ুয়া, তার পর...

মাটি থেকে প্রায় ১০০ ফুট উচ্চতায় বন্ধ হয়ে যায় রোলার কোস্টারটি। সে ভাবেই আটকে থাকে ছাত্রছাত্রীদের নিয়ে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৭:০৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্কুল থেকে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল বিনোদন পার্কে। সেখানে গিয়ে আট বন্ধু মিলে রোলার কোস্টারে উঠেছিল। কিন্তু আনন্দের সেই মুহূর্ত বদলে গেল আতঙ্কে। মাটি থেকে প্রায় ১০০ ফুট উচ্চতায় বন্ধ হয়ে গেল রোলার কোস্টারটি। সে ভাবেই আটকে রইল ছাত্রছাত্রীরা। পরে দমকলকর্মীরা এসে তাদের উদ্ধার করেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ঘটনাটি ঘটেছে ২৮ মে, বৃহস্পতিবার। হিউস্টন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট থেকে শিক্ষার্থীদের শিক্ষামূলক ভ্রমণে টেক্সাসের গ্যাভেস্টন পিয়ার বিনোদন পার্কে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানের আয়রন শার্ক নামক রোলার কোস্টারে ঘটনাটি ঘটে বলে জানতে পারা গিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোলার কোস্টারটি চলা শুরু করতেই বিকল হয়ে যায়। মাটি থেকে প্রায় ১০০ ফুট উচ্চতায় আট জন আরোহী আনুমানিক চার ঘণ্টা আটকে ছিল। পার্কের কর্মীরা চেষ্টা করেও তাদের নীচে নামাতে পারেননি। শেষমেশ তাঁরা দমকলকর্মীদের ডাকতে বাধ্য হন। তাঁরা এসে ছাত্রছাত্রীদের উদ্ধার করেন। উদ্ধারকার্যে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়। স্কুলের তরফ থেকে জানানো হয়েছে যে, শিক্ষার্থীরা সকলে সুরক্ষিত রয়েছেন।

পার্কের চিফ অপারেটিং অফিসার টেরি টার্নি জানিয়েছেন, যান্ত্রিক গোলযোগের জন্য এমনটা হয়েছিল। রোলার কোস্টারটির নকশা এমন ভাবেই তৈরি করা হয়েছে যে সমস্যা বুঝতে পারার সঙ্গে সঙ্গে সেটি থেমে যায়। তার পর পার্কের কর্মীরাই দমকল বিভাগে খবর দেন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রোলার কোস্টারে আটকে রয়েছে আট শিক্ষার্থী। সকলের মুখ আকাশের দিকে। সেই অবস্থাতেই আটকে রয়েছে তারা। তাদের এক পাশে বিস্তীর্ণ জলরাশি। অপর পাশে বিনোদন পার্ক। নড়াচড়ারও উপায় ছিল না আটকে থাকা শিক্ষার্থীদের কাছে। ক্রেনের সাহায্যে তিন জন দমকলকর্মী তাদের কাছে পৌঁছোন। বিচলিত এবং আতঙ্কিত পড়ুয়ারা মাথা ঘুরিয়ে উদ্ধারকারীদের কাজ কত দূর এগোলো তা দেখার চেষ্টা করে। ভয় ধরানো সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘অ্যাকুওয়েদার’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় দেড় লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। ভিডিয়োটি নেটাগরিকদের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ঠিক এই কারণেই আমি কোনও বড় জয় রাইডে চড়ি না।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘শিক্ষার্থীদের জন্য এই মুহূর্তটি নিশ্চয়ই অনেক কষ্টকর ছিল।’’

Viral Video Viral Story Texas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy