Advertisement
E-Paper

কসৌলের রাস্তায় বন্দুক উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটক, জখম করলেন এক স্থানীয়কে! ভাইরাল ভিডিয়োয় আতঙ্ক

কসৌলের রাস্তায় হাতে বন্দুক নিয়ে হাঁটতে দেখা গেল এক তরুণকে। চালালেন এলোপাথাড়ি গুলি। সেই গুলি গিয়ে বিঁধল এক স্থানীয়ের গায়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৩:৫৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পর্যটনকেন্দ্র হিসাবে হিমাচল প্রদেশের কসৌল বিখ্যাত। বিশেষ করে গ্রীষ্মে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকের ভিড় দেখতে পাওয়া যায় এই অঞ্চলে। তবে এ বার কসৌলের বাসিন্দা এবং পর্যটকেরা চাক্ষুষ করলেন এক ভয়াবহ দৃশ্য। কসৌলের রাস্তায় হাতে বন্দুক নিয়ে হাঁটতে দেখা গেল এক তরুণকে। চালালেন এলোপাথাড়ি গুলি। সেই গুলি গিয়ে বিঁধল এক স্থানীয়ের গায়ে।

ঘটনাটি ঘটেছে ৩০ মে, শনিবার। পাহাড়ি গ্রাম কুল্লুতে বেড়াতে গিয়েছিলেন পঞ্জাবের বেশ কয়েক জন তরুণ। কুল্লুর গ্রিন ভ্যালি হোটেলে উঠেছিলেন তাঁরা। সন্ধ্যা ৬টা নাগাদ তাঁরা কসৌলের বাজারে ঘুরতে যান। সেখানে গাড়ি পার্ক করা নিয়ে স্থানীয়দের সঙ্গে ঝামেলা সৃষ্টি হয়। ক্রমেই সেই বচসা হাতাহাতিতে বদলে যায়। তার পরই চলে গুলি। এক স্থানীয়ের পায়ে গুলি লাগে। তিনি যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন। অপর এক স্থানীয় ব্যক্তি তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেই তরুণের মাথা তাতেও ঠান্ডা হয়নি। তিনি বন্দুকে পুনরায় গুলি ভরতে ভরতে রাস্তা দিয়ে হেঁটে যান। সেই সময় তাঁর বন্ধুরা গিয়ে তাঁকে আটকান।

‘মানু’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভাইরাল ভিডিয়োয় তরুণের রাস্তায় হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্য ধরা পড়েছে। সেই দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্কও ধরা পড়েছে। তরুণের রুদ্রমূর্তি দেখে আশপাশের মানুষেরা চিৎকার করে ওঠেন। তা শুনে তরুণ বন্দুকটি তাঁদের দিকে তুলে ধরেন। ঠিক সেই সময় তরুণের সঙ্গীরা গিয়ে তাঁকে আটকে দেন।

পুলিশকে খবর দেওয়া হলে তারা গ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। আটক করা হয় পঞ্জাবের চার পর্যটককে। তাঁদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত চার জন তরণতারণের বাসিন্দা মনপ্রীত সিংহ (২৯), অমৃতসরের বাসিন্দা অমন রণধাওয়া (২২); ফিরোজপুরের বাসিন্দা সুখমনদীপ সিংহ (১৭); এবং গুরুদাসপুরের বাসিন্দা কর্ণদীপ সিংহ (২২)। এঁদের সঙ্গে আরও এক জন ছিলেন যিনি পলাতক। তাঁর নাম তামান, তিনি গুরুদাসপুরের বাসিন্দা। পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে।

ভারতীয় ন্যায় সংহিতা এবং অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় এফআইআর করা হয়েছে। পুলিশ বন্দুকটি উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে। গুলি চালানোর নেপথ্যে কী কারণ সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Viral Video himachal pradesh Viral Story Firing Incident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy