Advertisement
E-Paper

কেউ পাচ্ছেন রকেট গতি, কারও হাতে কচ্ছপ! টেলি যোগাযোগের এই সংস্থার ইন্টারনেটে কেন এমন বৈষম্য?

ভারতে প্রথম সারির টেলি যোগাযোগ সংস্থার বিরুদ্ধে এ বার উঠল গ্রাহকভেদে বিভিন্ন গতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার অভিযোগ। কেন এই বৈষম্য?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৬:৫৯
Representative Picture

—প্রতীকী চিত্র।

ইন্টারনেটের গতিতে মারাত্মক বৈষম্য! ভারতী এয়ারটেলের বিরুদ্ধে এ বার উঠল সেই অভিযোগ। সম্প্রতি, ‘প্রায়োরিটি পোস্টপেড’ নামের একটি পরিষেবা বাজারে আনে সংশ্লিষ্ট টেলি যোগাযোগ সংস্থা। বর্তমানে এর গ্রাহকেরা পাচ্ছেন গতির ঝড় তোলা ৫জি ইন্টারনেট। বাকি ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘ডেটা স্পিড’ অনেকটা কমে গিয়েছে বলে জানা গিয়েছে।

এয়ারটেল ব্যবহারকারীদের একাংশের অভিযোগ, ‘প্রায়োরিটি পোস্টপেড’ চালু হওয়ার পর থেকেই বেশ কিছু জায়গায় খুব ধীর গতিতে চলেছে ইন্টারনেট। শুধুমাত্র বিশেষ গ্রাহকদেরই ভাল পরিষেবা দিচ্ছে এই টেলি যোগাযোগ সংস্থা। এর জন্য পকেট থেকে অতিরিক্ত খরচও করতে হচ্ছে তাঁদের।

কয়েক বছর আগে খুব ধুমধাম করে ভারতে চালু হয় ৫জি পরিষেবা। ফলে একধাক্কায় অনেকটা বেড়ে যায় ইন্টারনেটের গতি। ওই সময় গ্রাহক টানতে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধাযুক্ত একাধিক প্ল্যান বাজারে আনে জিয়ো ও এয়ারটেলের মতো সংস্থা। এতে বেজায় খুশি হন ব্যবহারকারীরা। তড়িঘড়ি ৪জি ছেড়ে ৫জি নেটওয়ার্কের দিকে পুরোপুরি ঝুঁকে পড়েন তাঁরা।

কিন্তু, ব্যাপক সস্তায় ইন্টারনেট পরিষেবা চালু রেখে একেবারেই খুশি ছিল না জিয়ো ও এয়ারটেল। আর তাই মূল্যবৃদ্ধির বাজারে ৫জি পরিষেবার বড় বদল আনছে তারা। সূত্রের খবর, আগামী দিনে পুরোপুরি বন্ধ হবে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা। সেই জায়গায় গ্রাহকদের জন্য বেশ কিছু প্রিমিয়াম প্ল্যান টেলি পরিষেবা সংস্থাগুলি চালু রাখবে বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল।

টেক বিশেষজ্ঞদের অনুমান, প্রিমিয়াম প্ল্যানে আরও কিছুটা বাড়বে ইন্টারনেটের গতি। কিন্তু, তার জন্য রিচার্জের সময় অনেকটা বেশি খরচ করতে হবে গ্রাহককে। এই পরিস্থিতিতে অনেকেই তাই ৪জি নেটওয়ার্ককে ভাল করার দাবি তুলছেন। বর্তমানে এই পরিষেবা দেশের সব জায়গায় পাওয়া যায়, এমনটা নয়। সেই সমস্যা দূর করার কথা বলতে শোনা যাচ্ছে তাঁদের।

Mobile Connectivity 5G Network Bharti Airtel Jio
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy