Advertisement
E-Paper

ফরাসি ওপেন থেকে বিদায় চার বারের চ্যাম্পিয়ন শিয়নটেকের! আরও এক অঘটনের সাক্ষী রোলঁ গারোজ

আরও এক চ্যাম্পিয়নের বিদায় এ বারের ফরাসি ওপেন থেকে। চতুর্থ রাউন্ডে হেরে গেলেন চার বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা শিয়নটেক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৭:১৭
sports

হারের পর হতাশ ইগা শিয়নটেক। ছবি: রয়টার্স।

২০২০, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন ইগা শিয়নটেক। কিন্তু এ বার পারলেন না তিনি। চতুর্থ রাউন্ডে বিদায় নিলেন চার বারের চ্যাম্পিয়ন শিয়নটেক। পঞ্চদশ বাছাই ইউক্রেনের মার্তা কস্তিউকের কাছে স্ট্রেট সেটে (৫-৭, ১-৬) হেরে গিয়েছেন তৃতীয় বাছাই পোল্যান্ডের শিয়নটেক।

এ বারের ফরাসি ওপেনে এর আগে নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার, কোকো গফের মতো তারকা বিদায় নিয়েছেন। সেই তালিকায় এ বার যুক্ত হলেন শিয়নটেক। অর্থাৎ, একের পর এক তারকার বিদায়ে ক্রমশ জোরাল হচ্ছে নতুন চ্যাম্পিয়ন দেখতে পাওয়ার স্বপ্ন।

চতুর্থ রাউন্ড পর্যন্ত শিয়নটেককে ভাল দেখাচ্ছিল। কিন্তু রবিবার রোলঁ গারোজে মার্তার সামনে দাঁড়াতে পারেননি তিনি। প্যারিসের গরমে এমনই সমস্যা হচ্ছে খেলোয়াড়দের। তার মধ্যে প্রতিপক্ষের পাওয়ার গেম সমস্যায় ফেলে শিয়নটেককে।

গোটা ম্যাচে ছ’বার নিজের সার্ভিস খোয়ান শিয়নটেক। তাঁর প্রথম সার্ভিসও খারাপ হচ্ছিল। প্রথম সার্ভিস থেকে মাত্র ৪৩ শতাংশ পয়েন্ট পান তিনি। পাঁচটি ডাবল ফল্টও করেন বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা তারকা। সুযোগ নেন মার্তা। সার্ভিসই জিতিয়ে দেয় তাঁকে। শিয়নটেকের তুলনায় প্রথম সার্ভিস থেকে অনেক বেশি পয়েন্ট তুলে নেন তিনি।

প্রথম সেটে তা-ও শিয়নটেক লড়াই করছিলেন। পাঁচটি গেম জেতেন তিনি। কিন্তু দ্বিতীয় সেটে একেবারেই দাঁড়াতে পারেননি শিয়নটেক। মার্তা টানা ছ’টি গেম জিতে সেট ও ম্যাচ জিতে নেন। শিয়নটেকের শরীরী ভাষা বুঝিয়ে দিচ্ছিল, কতটা হতাশ তিনি। যে ভাবে খাতায়-কলমে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি হারলেন, তাতে নিজের খেলায় মোটেই খুশি হতে পারবেন না পোল্যান্ডের তারকা।

Iga Swiatek French Open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy