টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস তৈরি করল নেপাল। বিশ্বের প্রথম দেশ হিসাবে দু’বার ৩০০ বা তার বেশি রান করল নেপাল। চিনের বিরুদ্ধে ২ উইকেটে ৩১৩ রান করে নজির গড়েছে মাউন্ট এভারেস্টের দেশ। এই নিয়ে পাঁচ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ বা তার বেশি রানের ইনিংস হল।
আগামী এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিনের মুখোমুখি হয়ে নজির গড়ল নেপাল। রবিবার সিঙ্গাপুরে আয়োজিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৩১৩ রান তোলে নেপাল। তাতেই হয়েছে নজির। এই প্রথম বিশ্বের কোনও দেশ টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিক বার ৩০০ বা তার বেশি রানের ইনিংস গড়ল। তৈরি হল বিরল কীর্তি। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০ বা তার বেশি রান করার কৃতিত্ব রয়েছে আরও তিনটি দেশের। ২০২৪ সালের অক্টোবরে গাম্বিয়ার ৪ উইকেটে ৩৪৪ রান করেছিল জ়িম্বাবোয়ে। চলতি মাসে অস্ট্রিয়ার বিরুদ্ধে ১ উইকেটে ৩০৮ রান করেছে জার্মানি। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ উইকেটে ৩০৪ রান করেছিল ইংল্যান্ড।
আরও পড়ুন:
রবিবারের ম্যাচে চিনকে ২২১ রানে হারিয়েছে নেপাল। তাদের ৩১৩ রানের জবাবে চিনের ইনিংস শেষ হয় ১৯.২ ওভারে ৯২ রানে। নেপালের হয়ে ৪৩ বলে ১২৯ রান করেন ওপেনার কুশল ভুর্তেল। ৪৭ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কুশল মল্লা। ২১ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন রোহিত পৌডেল। চিনের পক্ষে সর্বোচ্চ রান শেনজিয়ান ঝেংয়ের ১৫ বলে ৩১। নেপালের সফলতম বোলার মল্লা কোনও রান না দিয়েই ৩ উইকেট নিয়েছেন।