Advertisement
E-Paper

সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন সাত্ত্বিক-চিরাগ, দু’বছর পর খেতাব বিশ্বের প্রাক্তন এক নম্বর ভারতীয় জুটির

সিঙ্গাপুর ওপেনে পুরুষদের ডাবলস চ্যাম্পিয়ন হল সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। দু’বছর পর কোনও খেতাব জিতল বিশ্বের প্রাক্তন এক নম্বর জুটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৭:৪৮
Picture of Badminton

(বাঁ দিকে) সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি (ডান দিকে)। —ফাইল চিত্র।

সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হল ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। সেমিফাইনালে বিশ্বের এক নম্বর জুটিকে হারিয়ে ফাইনালে ওঠা ভারতীয় জুটি ফাইনালে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল। প্রথম বার ৭৫০ সুপার সিরিজ়ের সিঙ্গাপুর ওপেন জিতে ভারতীয় ব্যাডমিন্টনকে গর্বিত করলেন তাঁরা।

ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান-মুহম্মদ ফিকরি জুটির বিরুদ্ধে সাত্ত্বিক-চিরাগ জিতলেন ১৮-২১, ২১-১৭, ২১-১৬ ব্যবধানে। ২০২৪ সালে তাইল্যান্ড ওপেন জয়ের দু’বছর পর কোনও খেতাব জিতল বিশ্বের প্রাক্তন এক নম্বর জুটি। শনিবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম ওন হো ও সিয়ো সিয়াং জায়েকে হারানোর পর সাত্ত্বিক-চিরাগ জুটিকে নিয়ে আশা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ভারতীয় ক্রীড়াপ্রেমীদের হতাশ করলেন না তাঁরা।

রবিবার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হল দুই জুটির মধ্যে প্রথম গেমে লড়াই করেও হেরে যান সাত্ত্বিক-চিরাগ। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি তাঁরা। প্রথম গেমের শুরুতেই ৩-৫ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারতীয় জুটি। পাল্টা লড়াইয়ে ৬-৬ করেন। কিন্তু মিড গেমে আবার পিছিয়ে পড়েন সাত্ত্বিক-চিরাগ। শেষ পর্যন্ত প্রথম গেম ১৮-২১ ব্যবধানে হেরে যান তাঁরা। দ্বিতীয় গেমে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ভারতীয়েরা। একের পর এক স্ম্যাশে প্রতিপক্ষ জুটিকে কোণঠাসা করে দেন। নেটের কাছেও বেশ শক্তিশালী দেখিয়েছে তাঁদের। এক সময় ৫-৫ হয়ে গেলেও পরে আর সুযোগ দেননি সাত্ত্বিক-চিরাগ। ১১-৮ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গেমের নিয়ন্ত্রণ নিয়ে নেন তাঁরা। টানা ৬ পয়েন্ট জিতে লিড বাড়িয়ে ১৪-৮ করেন। শেষ পর্যন্ত ২১-১৭ ব্যবধানে গেম জিতে ম্যাচে সমতা ফেরান সাত্ত্বিক-চিরাগ।

১-১ হয়ে যাওয়ার পর তৃতীয় তথা নির্ণায়ক গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ছিলেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু দ্বিতীয় গেমের মতোই দাপট ধরে রাখেন ভারতীয়েরা। ১১-৫ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সাত্ত্বিক-চিরাগ জুটির খেতাব জয় ছিল সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত ২১-১৬ ব্যবধানে তৃতীয় গেম এবং ফাইনাল জিতে নেয় ভারতীয় জুটি।

Singapore Open Satwiksairaj Rankireddy Chirag Shetty badminton champion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy