২০০৫ সালের আগে ছাপা ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট ১ জুলাই থেকে বাতিল হয়ে যাবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি সমাজমাধ্যমে ভাইরাল হতেই ছড়িয়েছে আতঙ্ক ও বিভ্রান্তি। আবারও নোট বাতিলের মতো ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে ভেবে অনেকেই শঙ্কিত। নোট বাতিলের আশঙ্কায় জনমানসে তৈরি হয়েছে উদ্বেগও। সমাজমাধ্যমে যে পোস্টটি ভাইরাল হয়েছে তাতে দাবি করা হয়েছে যে ১ জুলাই থেকে পুরনো ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট বন্ধ করে দেওয়া হবে। এই পোস্টটি ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট ইস্যুতে তুঙ্গে উঠেছে জল্পনা। এই ধরনের জল্পনার পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে এসেছে সরকারি বিবৃতিও। কী জানিয়েছে সরকার?
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া পোস্টটি হল ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের লোগো সম্বলিত একটি পোস্টার। পোস্টারটিতে দাবি করা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট বন্ধ করে দেওয়া হবে। এতে আরও বলা হয়েছে যে, সব নোট নিষিদ্ধ করা হবে না। শুধুমাত্র ২০০৫ সালের আগে ছাপা হওয়া নোটগুলোই বাতিল করা হবে। পোস্টারটিতে আরও দাবি করা হয়েছে যে, এই সিদ্ধান্তটি রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) পক্ষ থেকে এসেছে এবং এটিকে বৈধ বলেও পোস্টে দাবি করা হয়েছে।
পোস্টটি নিয়ে বিভ্রান্তি দূর করতে পিআইবি, আরবিআই এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সকলেই একযোগে জানিয়ে দিয়েছে এটি সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্রীয় সরকারের তথ্য যাচাইকারী সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) ভাইরাল হওয়া পোস্টটি নিয়ে তদন্ত করে এটিকে সম্পূর্ণ মিথ্যা প্রচার বলে ঘোষণা করেছে। পিআইবি স্পষ্ট করেছে যে, এই বিজ্ঞপ্তির কোনও আইনি ভিত্তি নেই। সমস্ত নোট বন্ধ করার কোনও সিদ্ধান্তও রিজ়ার্ভ ব্যাঙ্ক নেয়নি। পিআইবি-র অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে জানানো হয় যে, অনলাইনে শেয়ার করা বিজ্ঞপ্তির সমস্ত দাবিই মিথ্যা। ব্যাঙ্ক কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। আরবিআই স্পষ্ট করেছে যে ২০০৫ সালের আগে ইস্যু করা নোটগুলি আইনত বৈধ। সেগুলি নিষিদ্ধ করা হচ্ছে না।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি জারি করে ভাইরাল হওয়া বার্তাটিকে গুরুত্ব না দেওয়ার আবেদন জানানো হয়েছে। অনলাইনে শেয়ার করা একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ব্যাঙ্কটি বলেছে যে, প্রচারিত তথ্যটি মিথ্যা। গ্রাহকদের এই ধরনের গুজবে বিশ্বাস না করতে অনুরোধ করা হয়েছে। একমাত্র আরবিআই, পিআইবি বা সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে গ্রাহকদের।