ইরান যুদ্ধে দাঁড়ি পড়তেই চাঙ্গা শেয়ার বাজার। হু-হু করে ঊর্ধ্বমুখে ছুটছে সেনসেক্স ও নিফটি। কিন্তু, তার পরেও টাটাদের কাটছে না দুঃসময়। দেশের ঐতিহ্যবাহী শিল্পসংস্থাটির যাত্রিবাহী গাড়ির শেয়ারের দর পড়েছে ১০ শতাংশ! ফলে মাথায় হাত লগ্নিকারীদের। জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভারের বিলাসবহুল গাড়িগুলিও টাটাদের এই শাখারই অন্তর্গত। আর তাই এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বুধবার, ১৭ জুন, বাজার খোলার পর থেকেই লাফিয়ে লাফিয়ে নামতে থাকে টাটাদের যাত্রিবাহী গাড়ির শেয়ার দর। দুপুরের দিকে ১০ শতাংশ পড়ে যায় দাম। দিনশেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) ৩৬১.৭০ টাকায় দৌড় থামায় সেটি। সব মিলিয়ে শেয়ারটির দাম কমছে প্রায় ৩২ টাকা বা ৮.১০ শতাংশ।
অন্য দিকে বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) টাটাদের যাত্রিবাহী গাড়ির সূচকে আরও বেশি পতন লক্ষ্য করা গিয়েছে। সেখানে এর শেয়ার দর ৩৬০.৯৫ টাকায় নেমে আসে। অর্থাৎ ৮.৩০ শতাংশ কমেছে স্টকটির দাম। ফলে ৩২.৫৫ টাকা লোকসান হয়েছে লগ্নিকারীদের।
বাজার চাঙ্গা হওয়া সত্ত্বেও কেন নিম্নমুখী টাটাদের যাত্রিবাহী গাড়ির সূচক? ব্রোকারেজ ফার্মগুলির দাবি, এর সঙ্গে সরাসরি সেনসেক্স-নিফটির সম্পর্ক নেই। ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠীটির উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে এই শাখায় নগদ অর্থ জোগানোর ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। সেই কারণেই এর থেকে মুখ ফিরিয়েছেন লগ্নিকারীদের একাংশ।
গত আর্থিক বছরে (২০২৫-২৬) টাটাদের যাত্রিবাহী গাড়ি বিভাগের অন্তর্গত জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভারের রাজস্বের পরিমাণ দাঁড়ায় ২২৯০ কোটি পাউন্ড। কিন্তু, সুদ ও কর প্রদানের আগে তাদের আয়ের পরিমাণ ছিল মাত্র ০.৭ শতাংশ। পাশাপাশি, গত অর্থবর্ষে তাদের বিলাসবহুল গাড়ি বিক্রির অনাদায়ী টাকার পরিমাণ ২২০ কোটি পাউন্ড স্পর্শ করে বলে জানা গিয়েছে। ভারতীয় মুদ্রায় সেটা প্রায় ২৮,০০০ কোটি টাকা।
এই পরিস্থিতিতে জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার নিয়ে দু’টি বড় সিদ্ধান্ত নিয়েছে টাটা গোষ্ঠী। প্রথমত, প্রতিশ্রুতিমাফিক বিলাসবহুল গাড়ি খাতে লগ্নির পরিমাণ কমাচ্ছে না তারা। সেটা ১,৮০০ কোটি পাউন্ড বলে জানা গিয়েছে। দ্বিতীয়ত, আগামী দু’বছর উল্লেখযোগ্য হারে খরচ হ্রাস করবে তারা। এতে রাজস্বের পরিমাণ দু’অঙ্ক পর্যন্ত বৃদ্ধি পাবে বলে আশাবাদী ভারতের ঐতিহ্যবাহী শিল্পসংস্থা।
আরও পড়ুন:
ব্রোকারেজ ফার্মগুলির দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, চিনা বাজারের দুর্বলতা, পণ্য রূপান্তরের খরচ এবং অনাদায়ী অর্থ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় নিম্নমুখী হয়েছে টাটাদের যাত্রিবাহী গাড়ির শেয়ারের দর। ফলে লগ্নিকারীদের ভেঙে পড়ার কিছু নেই। গত পাঁচ বছরে ১১৩ শতাংশ মুনাফা দিয়েছে এই স্টক।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ারবাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)