Advertisement
E-Paper

পাঁচটি সঠিক উত্তরে চার, কেউ এক নম্বরের প্রশ্নে পেয়েছেন তিন! ফের অভিযোগ সিবিএসই-র বিরুদ্ধে

দ্বাদশের পুনর্মূল্যায়নেও অসঙ্গতির অভিযোগ করছেন সিবিএসই-র পড়ুয়ারা। তাঁদের দাবি, কোথাও অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে। আবার যেখানে পরীক্ষার্থীর যথার্থই নম্বরের দাবিদার, সেখানে তাঁকে নম্বর দেওয়া হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১১:২৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সিবিএসই-র দ্বাদশের ফল পুনর্মূল্যায়নেও অসঙ্গতির অভিযোগ উঠল। পরীক্ষার্থীদের দাবি, পুনর্মূল্যায়নের পর যেখানে যত নম্বর বৃদ্ধি পাবে বলে আশা করেছিলেন, তা একেবারেই হয়নি। পরীক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন বিষয়ের সাপেক্ষে নম্বর বেশি পাওয়ার কথা। অথচ পুনর্মূল্যায়নের পর দেখা যাচ্ছে সামান্য নম্বরের ফারাক।

এক্স হ্যান্ডলে পরীক্ষার্থীরা অভিযোগ জানিয়েছেন। বোর্ডের তরফে প্রকাশিত নম্বর দেখার পর এক পরীক্ষার্থী তাঁর সমাজমাধ্যমে অসঙ্গতির কথা জানান। তিনি লেখেন, “পাঁচটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর লেখার পরও মাত্র চার নম্বর দেওয়া হয়েছে।” আরও এক পরীক্ষার্থীর অভিযোগ, সব মিলিয়ে যেখানে ৩৬ নম্বর পাওয়ার কথা, সেখানে তাঁকে মাত্র এক নম্বর দেওয়া হয়েছে।

সার্বিক ভাবে বিষয়ভিত্তিক নম্বর নিয়েও অসঙ্গতির অভিযোগ করেছেন আরও এক পরীক্ষার্থী। তাঁর দাবি, পদার্থবিদ্যায় এক নম্বর বৃদ্ধির আবেদন জানিয়েছিলেন। তার বদলে সেখানে দেওয়া হয়েছে তিন নম্বর। আবার ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে পাঁচ নম্বর বৃদ্ধির আবেদন করা হলেও তাতে একটি নম্বরও দেওয়া হয়নি। এর ফলে জেইই অ্যাডভান্সড-এর কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগদানের সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন ওই পরীক্ষার্থী।

সংবাদমাধ্যম সূত্রে খবর, পরীক্ষার্থীরা সিবিএসই-র কাছে এই বিষয়ে অভিযোগও জানিয়েছেন। তবে, তাতে নতুন করে নম্বর বৃদ্ধি হবে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারছেন না তাঁরা। যদিও চলতি বছর থেকে পুনর্মূল্যায়নের খাতা সশরীরের সিবিএসই-র আঞ্চলিক দফতরে গিয়ে দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। এর আগে শুধুমাত্র ওয়েবসাইট কিংবা ডিজিলকার থেকে নম্বর দেখা যেত। তবে, এই সুযোগ শুধুমাত্র তাঁরাই পাবেন, যাঁদের খাতায় নতুন করে কোনও নম্বর যোগ হয়নি কিংবা বাদ পড়েনি।

CBSE Class 12 Results Revaluation Exam Results
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy