অবশেষে বিষয়ভিত্তিক ও জাতিভিত্তিক কত শূন্য পদ রয়েছে তার হিসাব বা ‘ম্যাচিং ভেকেন্সি’ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) কাছে পাঠাল রাজ্য শিক্ষা দফতর। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে এসএসসি।
শিক্ষা দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে এসএসসি-র কাছে তালিকা পাঠিয়েছে সরকার। তবে আপাতত মাত্র ৫০০ শূন্যপদের তথ্য পাঠানো হয়েছে। সেখানে কিছু সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এসএসসি।
আরও পড়ুন:
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক কর্তা বলেন, “আমরা তো সরকারের কাছ থেকে যে শূন্যপদের তালিকা পেয়েছি। তা খতিয়ে দেখে আগামী সপ্তাহের শুরুতেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করব। কাউন্সেলিং হবে কেন্দ্রীয় ভাবে বিধাননগরের আঞ্চলিক কার্যালয়ে।”
যদিও মার্চের গোড়ায় গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের পরীক্ষা আয়োজিত হতে চলেছে। ফলে গোটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
সূত্রের খবর, সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি, চতুর্থ সপ্তাহে শুরু হতে পারে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ অগস্টের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ সম্পন্ন করতে হবে এসএসসিকে। তারাই সুপারিশপত্র দেবে যোগ্য প্রার্থীদের। তার পর নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ।
প্রাথমিক ভাবে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা অনুযায়ী সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ছিল গত ১৫ জানুয়ারি। নবম-দশমের নথি যাচাইয়ের কথা ছিল ২৬ ডিসেম্বর। কিন্তু তা সম্ভব হয়নি।
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং-এর ডাক পেয়েছেন ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ৮২৯৯ জন। মোট শূন্য আসন ১২ হাজার ৪৪৫।