শুরু হল উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষার সঙ্গেই চলবে তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি ও পুরনো পদ্ধতিতে পরীক্ষাও। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র পড়ার জন্য এ বছর অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। মোবাইল বা কোন বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার্থীরা ঢুকতে পারবে না পরীক্ষাকেন্দ্রে। এ জন্য প্রতিটি স্কুলেই দেহ তল্লাশীর বন্দোবস্ত করা হয়েছে।
কিন্তু প্রথম দিনেই প্রশ্ন উঠল পরীক্ষার্থীদের নিয়মানুবর্তিতা নিয়ে। কলকাতার হেয়ার স্কুলে এক পরীক্ষার্থী এসে উপস্থিত হলো পরীক্ষা শুরুর ১০ মিনিট, ২৫ মিনিট পর। আরেক পরীক্ষার্থী এলেন পরীক্ষা শুরু ৩৪ মিনিটের মাথায়। ওই ছাত্রের দাবি বাসের সমস্যায় তার পৌঁছতে দেরি হয়েছে।
এ দিন সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব এক্স হ্যান্ডলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। বহু স্কুলেই কলকাতা পুলিশের তরফ থেকে পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরীক্ষা শুরু হওয়ার পরেও পরীক্ষার্থীদের আসতে দেখা গিয়েছে। নিজস্ব চিত্র।
উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে, গত সেপ্টেম্বরে। সে বারই প্রথম ওএমআর শিটে পরীক্ষা দিয়েছিল দ্বাদশের পড়ুয়ারা। বিস্তর অভিযোগ উঠেছিল সময় নিয়ে। পরীক্ষার্থী থেকে অভিভাবক এমনকি কোনও কোনও শিক্ষক অভিযোগ করেছিলেন, প্রশ্ন করে দেখার সময় পাচ্ছে না পরীক্ষার্থীরা। তাই চতুর্থ সেমিস্টারে অতিরিক্ত ১০ মিনিট বরাদ্দ করা হয়েছে প্রশ্ন পড়ে দেখার জন্য।
মাহেশ্বরী বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রেষ্ঠা সাহু পরীক্ষা দিতে এসেছে ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে। ওই ছাত্রী বলে বলে, “তৃতীয় সেমেস্টারে বেশ খানিকটা ভয় ছিল। প্রথমবার ওএমআরএ পরীক্ষা দিচ্ছিলাম। এ বার খানিকটা সময় দিয়েছে শিক্ষা সংসদ। আশা করি অসুবিধা হবে না”
চতুর্থ সেমেস্টার পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত। আর পুরনো নিয়মে পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পড়ার জন্য প্রশ্নপত্র এবং ওএমআর শিট দেওয়া হবে। রাজ্যের মোট স্পর্শকাতরকেন্দ্র রয়েছে ১০৪ টি।