২১ জুন মেডিক্যালের স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ণায়ক প্রবেশিকা ফের আয়োজিত হতে চলেছে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রানস্ টেস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েটস (নিট ইউজি) আয়োজনে কোনও খামতি যাতে না থাকে, সে জন্য দফায় দফায় বিভিন্ন বিভাগের তরফে বৈঠক করা হচ্ছে। সেই সব বৈঠকে প্রশ্নফাঁস কেলেঙ্কারির পুনরাবৃত্তি রুখতে বার বার ন্যাশনাল টেস্টিং এজেন্সি-কে (এনটিএ) আয়োজন সংক্রান্ত বিশদ তথ্য পেশ করার নির্দেশ দিচ্ছে কেন্দ্র।
সূত্রের খবর, সব বিভাগের তরফে পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য এমন আধিকারিকদেরই বেছে নেওয়া হয়েছে, যাঁদের সন্তান বা আত্মীয় বা পরিচিত কেউ নিট দিচ্ছেন না। পরীক্ষার্থীর অভিভাবক বা ঘনিষ্ট কোনও ব্যক্তিকে পরীক্ষা সংক্রান্ত কোনও কাজের দায়িত্ব যাতে না দেওয়া হয়, তা সুনিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট বিভাগকেই। কারণ, পুলিশি তদন্তে জানা গিয়েছে প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে অভিযুক্ত খোদ প্রশ্নকর্তাদের একাংশ। তাই পুনঃপরীক্ষার আগেই এ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত সর্তক কেন্দ্র।
এ ছাড়াও সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে পরীক্ষার আয়োজন সংক্রান্ত খুঁটিনাটি পর্যালোচনা করা হয়েছে। জানা গিয়েছে, ওই বৈঠকে এনটিএ-এর ডিরেক্টর জেনারেল ছাড়াও রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, স্কুলশিক্ষা এবং উচ্চশিক্ষা দফতরের সচিব, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি, সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-এর অধিকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন রাজ্য সরকারের প্রতিনিধিদেরও ডেকে পাঠানো হয়েছিল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বৈঠকে সব রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সংস্থাগুলি সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট সচিব গোবিন্দ মোহন। পরীক্ষা যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হলে রাজ্যগুলিকে কেন্দ্রের সঙ্গে সমন্বয় বজায় রেখে তা করতে হবে। পরীক্ষার্থীদের স্বার্থে রেল-সহ বিভিন্ন গণপরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখারও নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
প্রশ্নপত্রের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনাকে। জানা গিয়েছে, সেনাবাহিনীর বিশেষ দল ইতিমধ্যেই দেশের ১৮টি সুরক্ষিত কেন্দ্রে পরীক্ষা সংক্রান্ত সব গোপন নথি পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। বিশেষ মোড়কে মুড়ে রাখা প্রশ্নপত্র, উত্তরপত্র এবং অন্যান্য নথির সিল পরীক্ষার দিন আধাসেনার নজরদারিতে খুলবেন কর্তব্যরত আধিকারিকেরা। সশস্ত্র বাহিনীর প্রহরায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে তা পৌঁছে দেওয়া হবে।
৩ মে প্রশ্নফাঁসের জেরে বাতিল করা হয়েছিল নিট ইউজি। এই পরীক্ষা পুনরায় আয়োজন করার কথা ঘোষণা করে এনটিএ। ওই সংস্থার তরফে যাতে পরীক্ষা ব্যবস্থায় কোনও খামতি না থাকে, তা সুনিশ্চিত করতে তৎপর কেন্দ্র। তাই নিরাপত্তা এবং পরিকাঠামোগত সহায়তার জন্য কেন্দ্রের তরফে স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ বাহিনীর উপর দায়িত্ব দেওয়া হয়েছে।