Advertisement
E-Paper

বায়ুসেনার প্রহরায় নিট ইউজি-র পরীক্ষা দেবেন দেশের ভাবী চিকিৎসকেরা! বিশেষ বৈঠকে কী সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর?

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই প্রস্তাব পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে ওই প্রস্তাবনার অনুমোদন মিললে প্রশ্নপত্র সুরক্ষিত রাখার দায়িত্ব নেবে ভারতীয় বায়ুসেনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১০:২৩

ছবি: এআই সহায়তায় প্রণীত।

প্রশ্ন ফাঁস বিতর্কের আবহেই নতুন করে নিট ইউজি হতে চলেছে। ২১ জুনের পরীক্ষা ঘিরে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, তার জন্য কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নপত্র যাতে সুরক্ষিত ভাবে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যায়, তার দায়ভার নিতে পারে ভারতীয় বায়ুসেনা। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই প্রস্তাব পেশ করা হয়েছে। সবটাই সরাসরি পর্যবেক্ষণ করবে প্রধানমন্ত্রীর দফতর।

নিট ইউজি পুনঃপরীক্ষা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার আধিকারিকেরাও। সংবাদমাধ্যম সূত্রে খবর, বৈঠকে প্রশ্নপত্র তৈরি করে তা ছাপানো থেকে শুরু করে নির্দিষ্ট কেন্দ্রে সুরক্ষিত ভাবে নিয়ে যাওয়া এবং পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের হাতে সেই প্রশ্নপত্র পৌঁছোনো— সবটাই বায়ুসেনার নিরাপত্তার ঘেরাটোপে করা সম্ভব কি না তা নিয়ে আলোচনা করা হয়।

সূত্রের খবর, ওই প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। দফতরের অনুমোদন পাওয়া গেলে বায়ুসেনা প্রশ্নপত্র সুরক্ষিত রাখার প্রোটোকোল মেনে কাজ শুরু করবে। সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিট ইউজি সংক্রান্ত সমস্ত গতিবিধির উপর নজর রাখছেন। পরীক্ষার প্রতিটি খুঁটিনাটি নিয়মিত প্রধানমন্ত্রীকে জানানো হচ্ছে বলেও খবর।

পুনঃপরীক্ষার আয়োজন করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আয়োজক সংস্থার তরফে বার্তা দেওয়া হয়েছে স্বচ্ছতার সঙ্গে ওই পরীক্ষা পরিচালনা করা হবে। উল্লেখ্য, ৩ মে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। তাই পরীক্ষা শুরুর আগে পর্যন্ত যাতে প্রশ্নপত্র সুরক্ষিত থাকে, তা সুনিশ্চিত করতে কেন্দ্র তৎপর।

Indian Air Force exam schedule Security
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy