২১ জুন নতুন করে নেওয়া হবে নিট ইউজি পরীক্ষা। প্রশ্নপত্র তৈরির প্রস্তুতি থেকে পরীক্ষার সমাপ্তি পর্যন্ত কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে, গোটা ব্যবস্থা এ বার সরাসরি পর্যবেক্ষণ করবে প্রধানমন্ত্রীর দফতর।
সূত্রের খবর, সম্প্রতি নিট ইউজি-র পুনঃপরীক্ষা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-এর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও-র উচ্চপদস্থ কর্মকর্তারা দেশের পরীক্ষা পরিচালনার পুরো প্রক্রিয়াটির ওপর অত্যন্ত কড়া এবং সরাসরি নজরদারি চালাবেন। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, তারপর সেটি ছাপানো, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রশ্নপত্র সুরক্ষিত ভাবে নিয়ে যাওয়া এবং সবশেষে পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের হাতে সেই প্রশ্নপত্র পৌঁছানো— গোটা প্রক্রিয়ায় নজরদারি করবেন দায়িত্বপ্রাপ্ত পিএমও আধিকারিকেরা।
আরও পড়ুন:
সূত্রের খবর, এ নিয়ে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন রাজনাথ। যোগ দিয়েছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিংহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ শীর্ষ আধিকারিকেরা। জানা গিয়েছে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত গতিবিধির উপর নজর রাখছেন। পরীক্ষার প্রতিটি খুঁটিনাটি নিয়মিত প্রধানমন্ত্রীকে জানানো হচ্ছে।
উল্লেখ্য, ২২ লক্ষের বেশি পরীক্ষার্থী নিট ইউজি-র পুনঃপরীক্ষা দিতে চলেছেন। ইতিমধ্যেই প্রথম পরীক্ষা বাতিল হওয়ার কারণে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত। আর ২৪ দিন পরই ফের পরীক্ষার আয়োজন, তাই সুষ্ঠু ভাবে সব দিক রক্ষা করতে তৎপর কেন্দ্র।