কর্মদক্ষতা বৃদ্ধি ও গবেষণার মানসিকতা তৈরির লক্ষ্যে তৎপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জাতীয় শিক্ষানীতি ২০২০-কে মান্যতা দিয়ে স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করল ইউজিসি।
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে চাকরিমুখী ব্যবহারিক দক্ষতা (প্র্যাক্টিক্যাল স্কিল) তৈরি করতে পারেন সে জন্যই শুরু করা হচ্ছে ইন্টার্নশিপ। যে সকল পড়ুয়া উচ্চ শিক্ষা বা গবেষণামুখী হতে চান, তাঁদের রিসার্চ টুলস, ডেটা অ্যানালিসিস এবং ল্যাবরেটরি প্রজেক্টের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যও রয়েছে।
আবেদন করতে পারবেন কারা?
ইউজিসি স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান বা বাণিজ্য-সহ সমস্ত বিভাগের চার বছরের স্নাতক স্তরের পড়ুয়াদের জন্যই বাধ্যতামূলক এই ইন্টার্নশিপ। যে সকল পড়ুয়া তিন বছরের স্নাতক পড়বেন তাঁরাও আবেদন করতে পারবেন। ‘ইউজি অনার্স’ এবং ‘ইউজি অনার্স উইথ রিসার্চ’ কোর্সের শিক্ষার্থীদের কোনও বেসরকারি বা সরকারি সংস্থায় ইন্টার্নশিপ করতেই হবে। প্রতিটি পড়ুয়াকে চতুর্থ সেমেস্টার (অর্থাৎ দ্বিতীয় বর্ষে) শেষ হওয়ার পর প্রশিক্ষণ নিতে হবে।
কত সময়ের প্রশিক্ষণ?
সাধারণত ৬০ থেকে ১২০ ঘণ্টার প্রশিক্ষণ চলবে। হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। যে সকল পড়ুয়া চার বছরের ‘অনার্স উইথ রিসার্চ’ কোর্সে থাকবেন, তাঁদের অষ্টম সেমেস্টারে ৩৬০ ঘণ্টার অর্থাৎ প্রায় পুরো সেমেস্টার জুড়েই ডক্টরাল বা রিসার্চ প্রজেক্ট অথবা থিসিস করতে হবে।
আরও পড়ুন:
নম্বর যুক্ত হবে চূড়ান্ত ফলাফলে
এই ইন্টার্নশিপটি শুধুমাত্র অভিজ্ঞতার জন্য নয়, কলেজ ডিগ্রির ফাইনাল মার্কশিটের সঙ্গেও এর নম্বর এবং ক্রেডিট যুক্ত হবে। চতুর্থ সেমেস্টারের পরের অল্প সময়ের ইন্টার্নশিপের জন্য ২ থেকে ৪ ক্রেডিট বরাদ্দ থাকবে। অষ্টম সেমেস্টারে গবেষণামূলক প্রজেক্ট বা থিসিসের জন্য মোট ১২ ক্রেডিট বরাদ্দ করা হয়েছে।
কোথায় কোথায় সুযোগ রয়েছে?
শিক্ষার্থীরা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে, আর অ্যান্ড ডি ল্যাবস, স্বেচ্ছাসেবী সংস্থায়, স্থানীয় শিল্পকারখানা, ব্যবসায়িক কোনও প্রতিষ্ঠানে, এমন কি কোনও নামী শিল্পী বা কারিগরের অধীনেও অন-সাইট কাজ করতে পারবেন।
আবেদন পদ্ধতি
প্রতিটি প্রতিষ্ঠানকে নিজস্ব ডিজিটাল পোর্টাল তৈরি করতে হবে। যেখানে বিভিন্ন সংস্থা, বিশেষজ্ঞ এবং শিক্ষকেরা মেন্টর হিসাবে নথিভুক্ত থাকবেন। শিক্ষার্থীরা অথবা বিভাগীয় কর্তৃপক্ষের সাহায্যে ইন্টার্নশিপের প্রজেক্ট বাছাই করতে পারবেন। এর পর সংশ্লিষ্ট সংস্থা তাদের নিজস্ব নিয়মমাফিক পড়ুয়াদের সুযোগ দেবে। অসুস্থতা-সহ কোনও বিশেষ কারণে যদি কোনও পড়ুয়া শারীরিক ভাবে প্রশিক্ষণে উপস্থিত না থাকতে পারেন, সে ক্ষেত্রে কলেজের তরফে ওই পড়ুয়ার জন্য বিশেষ ভাবে ডিজিটাল মাধ্যমে ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে।