সদ্য শেষ হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট-এর (নেট) আবেদন প্রক্রিয়া। পরীক্ষার্থীরা নিজেদের নাম এবং পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত তথ্য সংশোধনের সুযোগ পাবেন ২৮ মে পর্যন্ত। পরীক্ষার আয়োজন করা হতে চলেছে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। তার আগেই উত্তর পূর্বের চারটি রাজ্যের জন্য আরও কেন্দ্র বরাদ্দ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
উত্তর পূর্বের রাজ্যগুলিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় এবং সিকিম-এ একটি করে পরীক্ষাকেন্দ্র সংযোজন করা হয়েছে। উল্লিখিত রাজ্যের নামসাই, কাকচিং, বিষ্ণুপুর এবং চেরাপুঞ্জি কেন্দ্রগুলি পরীক্ষার্থীরা বেছে নেওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
উল্লিখিত রাজ্যগুলি ছাড়াও অসম, মিজ়োরাম, নাগাল্যান্ড, ত্রিপুরার পরীক্ষার্থীরাও প্রতিবেশী রাজ্যে কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পাবেন। এর জন্য তাঁদের এনটিএ-এর ওয়েবসাইট মারফত ‘কারেকশন পোর্টাল’-এর সাহায্যে আবেদন জানাতে হবে।
চলতি বছরের পরীক্ষায় রাশিবিজ্ঞান এবং ফরেস্ট্রি বিষয়গুলি সংযোজন করা হয়েছে। পরীক্ষার্থীরা মোট ৮৭টি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। বছরে দু’বার জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট দেওয়ার সুযোগ মেলে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান করা হয়ে থাকে। এ ছাড়াও এটি দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাও।