Advertisement
E-Paper

ঝেঁপে বৃষ্টি কলকাতা ও শহরতলিতে! সঙ্গে বজ্রপাত এবং ঝড়ের তাণ্ডব, কত দিন চলবে বর্ষণ? রইল ৫ দিনের পূর্বাভাস

ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে। আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে গরমে কিছুটা স্বস্তি মিলবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৯:০৭
সন্ধ্যার মুখে ঝড়বৃষ্টি কলকাতায়।

সন্ধ্যার মুখে ঝড়বৃষ্টি কলকাতায়। —ফাইল চিত্র।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়। শহরতলির বিভিন্ন অংশেও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে বজ্রপাত এবং ঝড়ের তাণ্ডব। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। তার ফলে গরমও কিছুটা কমবে।

বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশে মেঘ ছিল। কখনও কখনও রোদ উঠেছে মেঘের আড়াল কাটিয়ে। তবে রোদের তেজ তুলনামূলক কম ছিল। সন্ধ্যার মুখে শহরের বিস্তীর্ণ অংশে বৃষ্টি নামে। সল্টলেক, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার অনেক জায়গায় মুষলধারে বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপটে ব্যস্ত সময়ে থমকে গিয়েছে শহর এবং শহরতলি। সঙ্গে প্রচণ্ড শব্দে বাজও পড়েছে শহরের কয়েক জায়গায়।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছা়ড়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ের গতি থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার।

শুক্রবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। এ ছাড়া, বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

শনিবারও দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। রবি থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি। তবে ঝড়বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে শনিবারের পর থেকে।

ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে। আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। পারদ আরও নামতে পারে।

ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্রেও ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার। তার ফলে সমুদ্র আপাতত উত্তাল রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার এই অঞ্চলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই দু’দিন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি চলেছে। তবে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কমেছে। শুক্রবারও মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal Weather Weather Alert Weather Today Weather Forecast Bengal weather today Kolkata Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy