Advertisement
E-Paper

গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সুজিত বসু! ইডির বিরুদ্ধে মামলা করলেন প্রাক্তন মন্ত্রী

গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুজিত হাই কোর্টে মামলা করেছেন। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চে সেই মামলার শুনানির সম্ভাবনা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৫:৩৩
রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু।

রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। —ফাইল চিত্র।

ইডির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় ইডি তাঁকে গ্রেফতার করেছে। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুজিত হাই কোর্টে মামলা করেছেন। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চে সেই মামলার শুনানির সম্ভাবনা।

গত ১১ মে সুজিতকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। বর্তমানে তিনি জেল হেফাজতে। সেখান থেকেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেছেন। বৃহস্পতিবার সুজিতের আইনজীবী এ বিষয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। মামলা দায়েরের অনুমতি মিলেছে।

গ্রেফতারির আগে সুজিতকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ভোটের আগে তাঁকে কয়েক বার তলব করা হয়েছিল। সেই সময় সুজিত জানিয়েছিলেন, তিনি প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন। প্রচারপর্ব মেটার পর গত ১ মে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন। সে বার তাঁকে কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল। তার পর ফের সুজিত ইডি দফতরে যান ১১ মে। সঙ্গে তাঁর আইনজীবীও ছিলেন। ছিলেন সুজিতের পুত্র সমুদ্র বসু। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সুজিতকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ রয়েছে সুজিতের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, সেই তালিকায় কমবেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে বলে মনে করছে ইডি। তাই খতিয়ে দেখা হচ্ছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও। গ্রেফতারির আগে ইডি সুজিতের বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল। সেখানে তল্লাশি চলেছে। তাঁদের যে ধাবা রয়েছে, তাতেও তল্লাশি চালান কেন্দ্রীয় আধিকারিকেরা। পরে সুজিতকে গ্রেফতার করা হয়।

অন্যান্য বারের মতো এ বারের ভোটেও সুজিত বিধাননগর থেকে তৃণমূলের টিকিটে লড়েছিলেন। কিন্তু বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে ৩৭ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন।

Calcutta High Court Sujit Bose TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy