শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ৬ জুলাই। আগেই ওই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু সম্প্রতি এক নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই বিশেষ দিনটি উদ্যাপন করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
বিকাশ ভবনের তরফে রাজ্যে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৬ জুলাই পালন করার জন্য নির্দেশ পৌঁছেছে। বলা হয়েছে, পড়ুয়া ও শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করতে হবে। ওই দিনই ই-মেল করে ছবি ও ভিডিয়ো পাঠাতে হবে শিক্ষা দফতরে।
২৩ জুন শ্যামাপ্রসাদের মৃত্যুদিন থেকে শুরু করে ৬ জুলাই তাঁর জন্মদিবস পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলেও ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালন করা হচ্ছে। তবে, ৬ জুলাই রাজ্যে সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি উদ্যাপনের নির্দেশ নিয়ে ধন্দ তৈরি হয়েছে শিক্ষামহলে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘প্রথমে ছুটি ঘোষণা হল, তার পর নির্দেশ এল দিনটি উদ্যাপনের। এটা কী ভাবে সম্ভব? আমরা ইতিমধ্যে এই ধন্দ কাটাতে শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠিয়েছি। বিভ্রান্তি দূর করতে দফতরকে দ্রুত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করুক।’’
পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে বরাবরই সরব ছিল বিজেপি। তাঁদের অভিযোগ গত ৮০ বছর ধরে এই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। চলতি বছরে মে মাসে এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গ দিবস এবং সেই ঘটনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে পদক্ষেপ শুরু করে রাজ্য সরকার। ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশ ভারতে অন্তর্ভুক্তি এবং সেই ঘটনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা সকলের সামনে তুলে ধরতে গোটা রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে।