Advertisement
E-Paper

ভোটের কারণে সব ক্লাস অনলাইনে! পড়ুয়া স্বার্থে বড় সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

ভোটের মুখে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে পঠনপাঠন নিয়ে উঠছে নানা প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ একধিক কলেজে কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলে খবর। বহু কলেজ শিক্ষকেরও নির্বাচনী দায়িত্ব রয়েছে। তাই সিদ্ধান্ত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৯:৫০
কলকাতা বিশ্ববিদ্যালয় ।

কলকাতা বিশ্ববিদ্যালয় । ছবি: সংগৃহীত।

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা কী ভাবে নেওয়া যাবে, তা নিয়ে চলেছে দীর্ঘ টালবাহানা। শেষ পর্যন্ত কয়েকটি পরীক্ষা স্থগিত করেছেন কর্তৃপক্ষ। এ বার পঠনপাঠনও বন্ধ রাখার সিদ্ধান্ত হল। মঙ্গলবার কলেজগুলির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভোট পর্ব না মেটা পর্যন্ত স্নাতক স্তরের পঠনপাঠন অনলাইনে চলবে। স্নাতকোত্তরের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আগামী ২২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সব ক্লাস হবে অনলাইনে। স্নাতকোত্তরের ক্ষেত্রে আপাতত ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত হয়েছে।

গত ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে কী ভাবে সেমেস্টার নেওয়া হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। খোদ কলকাতার বেশ কিছু কলেজ অভিযোগ করেছিল, ৩-৪ কোম্পানি বাহিনী তাদের কলেজে থাকবে বলে প্রশাসন জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে বাহিনী ঢুকতে শুরু করে। তার পর থেকেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এরই মধ্যে কলেজ শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব নিয়েও তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, প্রিসাইডিং দায়িত্বও পালন করতে হবে সহকারী এবং সহযোগী অধ্যাপকদের।

Advertisement

এই পরিস্থিতিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, ‘‘পড়ুয়াদের স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছে। ২২ এপ্রিল থেকে ৫ মে স্নাতক স্তরের সব ক্লাস অনালাইনে হবে। স্নাতকোত্তরের ক্ষেত্রে আপাতত ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত হয়েছে। বাকিটা পরে জানানো হবে।’’

CU College class Online Class
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy