Advertisement
E-Paper

ফরাসি ওপেনের ফাইনালে জ়েরেভ, প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও এক ধাপ এগোলেন, রবিবার সামনে কোবোল্লি

ইয়ানিক সিনার, কার্লোস আলকারাজ়, নোভাক জোকোভিচ কেউ নেই দৌড়ে। অবশেষে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও এক ধাপ এগোলেন আলেকজান্ডার জ়েরেভ। শুক্রবার চেকিয়ার জাকুব মেনসিককে হারিয়ে ফাইনালে উঠেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ২৩:০৯
sports

রবিবার ফাইনালে জ়েরেভ (বাঁ দিকে) বনাম কোবোল্লি। ছবি: সমাজমাধ্যম।

ইয়ানিক সিনার, কার্লোস আলকারাজ়, নোভাক জোকোভিচ কেউ নেই দৌড়ে। অবশেষে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও এক ধাপ এগোলেন আলেকজান্ডার জ়েরেভ। শুক্রবার চেকিয়ার জাকুব মেনসিককে ৭-৫, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন তিনি। ট্রফি হাতে ধরা থেকে আর এক ধাপ দূরে। ফাইনালে তিনি খেলবেন ইটালির ফ্লাভিয়ো কোবোল্লির বিরুদ্ধে। এ দিন দ্বিতীয় সেমিফাইনালে ইটালির মাত্তিয়ো আর্নাল্দি নাম তুলে নেন। বিনা লড়াইয়ে ফাইনালে উঠে যান কোবোল্লি।

সিনার ছিটকে যাওয়ার পর থেকে ট্রফির দাবিদার মনে করা হচ্ছিল জ়েরেভকে। জোকোভিচ ছিটকে যাওয়ায় পথ আরও পরিষ্কার হয়ে যায়। প্রতিভাবান হওয়া সত্ত্বেও গ্র্যান্ড স্ল্যাম না জেতার চাপ রয়েছে জ়েরেভের উপরে। এ বার হয়তো সেই অভাব মিটতে চলেছে।

মেনসিক প্রথম বার গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেলতে নেমেছিলেন। আগের ম্যাচে পেশির টান ধরায় হুইলচেয়ারে কোর্ট ছাড়তে হয়েছিল তাঁকে। ম্যাচ জিতে প্রতিপক্ষের প্রশংসা করেছেন জ়েরেভ। বলেছেন, “অবিশ্বাস্য কিছু খেলোয়াড়কে হারিয়েছে ও। আমি জানতাম সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছি। সেটা সামলে জিততে পেরে ভাল লাগছে।”

দ্বিতীয় বার ফরাসি ওপেনের ফাইনাল খেলবেন জ়েরেভ। ২০২৪-এ আলকারাজ়ের বিরুদ্ধে ২-১ সেটে এগিয়ে গিয়েও হেরেছিল। তার আগে ২০২০ ইউএস ওপেন ফাইনালে ডোমিনিক থিয়েমের বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়েও হারতে হয়েছিল। গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে স্ট্রেট সেটে হেরেছিলেন সিনারের কাছে।

এ দিনও কোর্টের ছাদ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রবল হাওয়ায় অসুবিধায় পড়েন দুই খেলোয়াড়ই। মেনসিক সার্ভ এবং ভলিতে ভরসা রেখেছিলেন। জ়েরেভ খেলছিলেন বেসলাইন থেকে। মেডিক্যাল টাইম-আউটের পর থেকে চাপ বাড়তে থাকে মেনসিকের উপরে। শেষ পর্যন্ত হেরে যান তিনি।

এ দিকে, পেটের ভাইরাসে সংক্রামিত হয়ে অসুস্থ আর্নাল্দি। তাই তিনি নাম তুলেছেন। সাংবাদিক বৈঠকে বলেন, “কাল রাতে খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ি। পেটের অবস্থা খারাপ হতে থাকে। রাত একটায় জেগে গিয়েছিলাম। খুব শরীর খারাপ লাগছিল। সারা রাত ঘুমোতে পারিনি। ভোর ছ’টা-সাতটার সময় আরও শরীর খারাপ হয়। চিকিৎসককে ডাকতে হয়। মনে হয় কোনও ভাইরাসে আক্রান্ত হয়েছিল। কারণ খুব ঠান্ডা লাগছিল। জ্বরও এসেছে। নড়াচড়ার ক্ষমতাও নেই। জল খেতেও পারছি না।”

French Open Alexander Zverev Tennis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy