দীর্ঘ সাত মাস পর আবার ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন শুভমন গিল। দীর্ঘ আড়াই মাসের আইপিএল খেলার পর দ্রুত লাল বলের ক্রিকেট খেলতে নামতে হবে ভারতকে। শনিবার থেকে শুরু আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট। তার আগে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন শুভমন। টি-টোয়েন্টি থেকে টেস্টে মানিয়ে নেওয়া, মুল্লানপুরের গরম এবং দেশের হয়ে টেস্ট খেলার গর্বের কথা উঠে এসেছে তাঁর মুখে।
বোর্ডের পোস্ট করা ভিডিয়ো বার্তায় শুভমন বলেছেন, “আমার কাছে এটাই সবচেয়ে তৃপ্তিদায়ক ফরম্যাট। এই ফরম্যাটে ভাল খেলতে পারলে ব্যক্তিগত ভাবে সবচেয়ে ভাল লাগে। সাদা জার্সি, ব্যাগি টুপি পরার একটা আলাদা মজা রয়েছে, যা আর কোনও কিছুতে নেই। এটাই আসল ক্রিকেট।”
মুল্লানপুরে ভারতকে খেলতে হবে বেশ গরমের মধ্যে। তা যে কঠিন সে কথা মেনে নিয়েছেন শুভমনও। বলেছেন, “এখানকার আবহাওয়া অনেক আলাদা। রাতে টি-টোয়েন্টি খেলেছি এত দিন। এখানে ৪০ ডিগ্রি তাপমাত্রা। অনেক মানসিক চ্যালেঞ্জ থাকে এ রকম পরিস্থিতিতে খেলতে গেলে। টেকনিকে অনেক কিছু বদল আনতে হয়। তা সত্ত্বেও এই ফরম্যাটে খেলতে সবচেয়ে ভাল লাগে এবং গোটা বিশ্বে সমীহ পাওয়া যায়।”
তাঁর সংযোজন, “দেশের হয়ে খেলার স্বপ্ন বরাবর দেখেছি। সেখানে দেশের নেতৃত্ব দেওয়া আমাকে কাছে বিরাট সম্মানের ব্যাপার। তার উপর নিজে যে মাঠে খেলে বড় হয়েছি সেখানে নেতৃত্ব দিতে নামছি, এটা ভেবে আরও ভাল লাগছে।”
ভারতের এই দলটিতে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন। জাতীয় দলে আসার আগে এবং পরে এই ক্রিকেটারদের সঙ্গেই খেলেছেন শুভমন। ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্মকে নিয়ে আশাবাদী তিনি। তাঁর মতে, বহু বছর ভারতীয় ক্রিকেটের সেবা করবেন এই তরুণেরাই।
শুভমন বলেছেন, “বেশির ভাগ ক্রিকেটারের সঙ্গেই আগে খেলেছি। সেটা দেশে বা বিদেশে কোনও সিরিজ় বা সফরের ম্যাচই হোক। ওরা প্রত্যেকে বুঝিয়ে দিয়েছে কতটা প্রতিভাবান। আশা করি ওরা কঠোর পরিশ্রম করে দেশের হয়ে দীর্ঘ দিন খেলবে।”
আফগানিস্তানের বিরুদ্ধে ফেভারিট হিসাবেই নামছে ভারত। তবে আফগানিস্তানকে খাটো করে দেখতে রাজি নন শুভমন। বলেছেন, “ওদের বিরুদ্ধে টেস্ট খেলার কথা মনে আছে। তার পর থেকে কত পথ পেরিয়েছে ওরা। এক দিনের বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। আইসিসি প্রতিযোগিতায় নজর কেড়েছে। যে প্রতিভা ওদের দলে আছে, তাতে কোনও মতেই আমাদের থেকে দুর্বল বলা যাবে না। অসাধারণ দলের বিরুদ্ধে খেলতে নামছি। উত্তেজক ম্যাচ হতে চলেছে।”
আরও পড়ুন:
এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। ফলে কোনও পয়েন্ট পাওয়া যাবে না। তবু শুভমনের মতে, তাঁদের সঠিক প্রস্তুতি হবে। ভারত অধিনায়ক বলেছেন, “এই ম্যাচ আমাদের কাছে নিজেদের তৈরি করার একটা বড় সুযোগ। টেস্ট বিশ্বকাপ ফাইনালের আগে হাতে ন’টা টেস্ট রয়েছে। তাই প্রস্তুতির জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ।”