Advertisement
E-Paper

ভারত এখনও টেস্ট বিশ্বকাপ জিততে পারে, বিশ্বাস গম্ভীরের! তিন নম্বরে খেলবেন সুদর্শনই, আইসিসি-র সিদ্ধান্তে খুশি ভারতের কোচ

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ছ’নম্বরে রয়েছে ভারত। এখনও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের। মনে করেন কোচ গৌতম গম্ভীর। স্পষ্ট জানিয়েছেন, তিন নম্বরে লম্বা সুযোগ দেওয়া হবে সাই সুদর্শনকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৮:২১
cricket

ভারতের কোচ গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯টি ম্যাচ খেলে ফেলেছে ভারত। পয়েন্ট তালিকায় ছ’নম্বরে রয়েছে তারা। বাকি আরও ৯টি ম্যাচ। এখনও প্রতিযোগিতার ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের। এমনই মনে করেন কোচ গৌতম গম্ভীর। আফগানিস্তান টেস্টের আগে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিন নম্বরে লম্বা সুযোগ দেওয়া হবে সাই সুদর্শনকে। পাশাপাশি, একই টেস্টে লাল এবং গোলাপি বলে খেলা চালানোর যে সিদ্ধান্ত আইসিসি নিয়েছে তাকেও স্বাগত জানিয়েছেন তিনি।

ভারত দু’টি করে টেস্ট খেলবে শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। পরের বছর পাঁচটি টেস্ট রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে। এ প্রসঙ্গে গম্ভীর বলেছেন, “যত ক্ষণ টেস্ট বিশ্বকাপ ফাইনালে পৌঁছোনোর সম্ভাবনা রয়েছে তত ক্ষণ আমরা আশাবাদী। আমরা জানি এই দলটার প্রতিভা কতটা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারব না, এমনটা বিশ্বাস করার কোনও কারণ নেই। সকলেই বিশ্বাস করে ফাইনাল খেলবে। একটা-দুটো খারাপ সিরিজ় গিয়েছে ঠিকই। কিন্তু এই দলটার প্রতিভা এবং খিদে কতটা সেটা আমি জানি।”

চেতেশ্বর পুজারার অবসরের পর থেকে টেস্ট দলে তিন নম্বরে একাধিক ক্রিকেটার খেলেছেন। কেউই সফল হননি। তবে গম্ভীরের বার্তা, ভবিষ্যতে সুদর্শনকে যথেষ্ট সুযোগ দেওয়া হবে যাতে তিনি নিজের জায়গা পোক্ত করতে পারেন। ছ’টি টেস্টে ৩০২ রান রয়েছে সুদর্শনের। অপেক্ষায় থাকছে হচ্ছে দেবদত্ত পডিক্কলকে।

গম্ভীর বলেছেন, “সত্যি বলতে, সাই খুব একটা সুযোগ পায়নি। কয়েকটা টেস্ট খেলেছে। কেরিয়ার শুরুই হয়েছে ইংল্যান্ডে, যেটা খুব সহজ জায়গা নয়। গত আইপিএলে খুবই ভাল খেলেছে। তাই ওকে আমরা যথেষ্ট সুযোগ দিতে চাই। আমার এখনও মনে হয় ও বেশি সুযোগ পায়নি।”

ঘরোয়া ক্রিকেটে সফল হওয়া পডিক্কলকে বসিয়ে রাখা কি ঠিক? গম্ভীরের জবাব, “আমরা তো স্রেফ ১১ জনকেই বেছে নিতে পারি। দুর্ভাগ্যবশত কাউকে সুযোগের জন্য একটু বেশিই অপেক্ষা করতে হবে। সাই খারাপ ফর্মে নেই। আইপিএলে ৭০০-র উপর পান করেছে। যদি চার-পাঁচটা টেস্টের উপর বিচার করে কাউকে বাদ দেওয়া হয়, তা হলে কোনও দিন সাফল্য পাব না। যখন পডিক্কলের সময় আসবে তখন ওকেও যথেষ্ট সুযোগ দেওয়া হবে। একজনকে পাঁচটা টেস্টে খেলাব, আর একজনকে একটা টেস্টে, এটা হতে পারে না। একজনকে লম্বা সময় ধরে খেলালে অপর জনকেও একই সুযোগ দিতে হবে। এই মুহূর্তে সাইকেই বেশি সুযোগ দিতে চাই আমরা।”

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নয়। তাই শ্রীলঙ্কা সিরিজ়ের দিকে তাকিয়ে চতুর্থ স্পিনার খুঁজতে চাইছে ভারত। মানব সুতার এবং হর্ষ দুবের মধ্যে এক জনকে বেছে নিতে হবে। গম্ভীর বলেছেন, “বিশেষ কিছু ব্যাপারে দু’জনে একই রকম। রিলিজ় পয়েন্ট নিয়ে ভাবতে হবে। লাল বলের ক্রিকেটের সঙ্গে কে বেশি মানিয়ে নিতে পারছে, দেখতে হবে। একটাই টেস্ট ম্যাচ খেলছি। তাই চতুর্থ স্পিনার খোঁজাই আমাদের লক্ষ্য।”

আইসিসি সম্প্রতি পরীক্ষামূলক ভাবে একই টেস্টে লাল এবং গোলাপি বলে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে খারাপ আলোর কারণে খেলা নষ্টের সময় কিছুটা কমানো যায়। গম্ভীর নতুন নিয়মে রাজি। বলেছেন, “আমার বেশ ভাল লেগেছে। ম্যাচের ফলাফল পাওয়ার সম্ভাবনা তৈরি হলে, সেটা লুফে নেওয়া উচিত। ধরুন ফাইনালের আগে এমন একটা টেস্ট খেলছি যেটা জিতলেই ফাইনালে উঠব। খারাপ আলোর কারণে খেলা না হলে খারাপ লাগবে। ফলাফলের সম্ভাবনা তৈরি হলে এমন নিয়মে আমি রাজি।”

India vs Afghanistan Gautam Gambhir Sai Sudharsan ICC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy