Advertisement
E-Paper

মালিকদের পছন্দের ক্রিকেটারেরা ব্যর্থ হলেও খেলে যায়! আইপিএলে প্রথম একাদশ নির্বাচন নিয়ে দাবি হায়দরাবাদের লিভিংস্টোনের

প্রথম একাদশ নির্বাচনে হস্তক্ষেপ করেন আইপিএলের দলগুলির মালিকেরা। কোচেদেরও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত। এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন সানরাইজার্স হায়দরাবাদের লিয়াম লিভিংস্টোন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৭:৫৪
picture of cricket

(বাঁ দিকে) লিয়াম লিভিংস্টোন এবং কাব্য মারান (ডান দিকে)। —ফাইল চিত্র।

আইপিএলে প্রথম একাদশ নির্বাচনে হস্তক্ষেপ করেন দলের মালিকেরা। বিশেষ করে পছন্দের বিদেশিদের খেলানোর জন্য চাপ দেওয়া হয়। এমনই অভিযোগ করেছেন সানরাইজার্স হায়দরাবাদের লিয়াম লিভিংস্টোন। স্বাভাবিক ভাবেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হায়দরাবাদের মালকিন কাব্য মারান।

লিভিংস্টোনের অভিযোগ, আইপিএলের মালিকেরা প্রথম একাদশ নির্বাচনে হস্তক্ষেপ করেন। তিন জন বিদেশি নিয়ে ম্যাচ খেললেও অজ্ঞাত কারণে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। এক পডকাস্টে ইংল্যান্ডের অলরাউন্ডার বলেছেন, ‘‘আমার মতে আইপিএলের তিনটি দিক আছে। প্রথমত, ক্রিকেটারেরা চুক্তিবদ্ধ থাকে। সব কিছুই নির্ধারিত থাকে। দ্বিতীয় বিষয় হল অনিশ্চয়তা। আপনাকে খেলাতেও পারে। না-ও খেলাতে পারে। আপনার মাথায় একটা ভাবনা থাকবে। তা হল, সুযোগ পেলে কী ভাবে খেলবেন।’’ লিভিংস্টোন আরও বলেছেন, ‘‘আমার কথাই বলতে পারি। এ বার যে দলে ছিলাম, সেই দল সলিল অরোরাকে নিয়েছিল। ওকে মুম্বই ইন্ডিয়ান্সও নিতে চেয়েছিল। আমাদের হাতে বেশি টাকা থাকায় আমরা কিনে নিয়েছিলাম। মালিকদেরও পছন্দ হয়েছিল। তাই ওর সঙ্গে আমাদের চুক্তি হয়। প্রথম দিকে প্যাট কামিন্সকে আমরা পাইনি। তখন তিন জন বিদেশিকে নিয়ে প্রথম একাদশ তৈরি করা হচ্ছিল। সেটা দেখে কোচ ড্যানিয়েল ভেট্টরির কাছে কারণ জানতে চেয়েছিলাম।’’

কী বলেছিলেন ভেট্টরি? লিভিংস্টোন বলেছেন, ‘‘ভেট্টরি আমায় বলে, ‘মালিকেরা এই ছেলেটাকে (অরোরা) খুব পছন্দ করে। কামিন্স এলেও আমরা তিন জন বিদেশি নিয়েই খেলব।’ ওর কথায় অবাক হয়েছিলাম। জানতাম না, কেউ আহত না হলে আমার খেলার সুযোগ হবে না। যখন আপনি জানবেন খেলার সুযোগ নেই, তখন মানসিকতা পাল্টে যায়।’’

লিয়ামস্টোনের কথা শুনে পডকাস্টে উপস্থিত ক্রিকেট বিশেষজ্ঞ ডেভিড লয়েড জানতে চান, ‘‘এই মালিকদের দক্ষতা কী?’’ সঙ্গে সঙ্গে পাশে বসা অ্যালিস্টার কুক টিপ্পনী কাটেন কেটে বলেন, ‘‘প্রচুর টাকা।’’ এর পর লিভিংস্টোন বলেন, ‘‘মালিকেরাই সব সিদ্ধান্ত নেন কিনা বলতে পারব না। তবে তাঁরা যে কিছু নির্দেশ দেন, এটা পরিষ্কার। এ বছর ভেট্টরি যেমন আমাকে সরসরি বলে দিয়েছিল, কী হতে পারে। এটা আমার জন্য অন্তত গুরুত্বপূর্ণ ছিল।’’

লিভিংস্টোন অবশ্য বলেছেন, মালিকদের পছন্দ মতোই প্রথম একাদশ তৈরি করতে হয়, এমন কোনও প্রমাণ দিতে পারবেন না। নিজের অভিজ্ঞতা থেকে কথা বলেছেন। তাঁর দাবি, মালিকদের পছন্দের ক্রিকেটারেরা ব্যর্থ হলেও ম্যাচের পর ম্যাচ খেলার সুযোগ পান। ইংরেজ ক্রিকেটারের অভিযোগ সত্যি হলে প্রশ্নের মুখে পড়তে হতে পারে কাব্য-সহ হায়দরাবাদ কর্তৃপক্ষকে। লিভিংস্টোন এ বারের আইপিএলে দু’টি ম্যাচ খেলেছেন। দু’ম্যাচে করেছেন ১৫ রান।

Liam Livingstone Kavya Maran Sunrisers Hyderabad team selection
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy