মাত্র ১৫ বছর বয়সে আইপিএল মাতিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী। গত মরসুমে ১৬ ম্যাচে ৭৭৬ রান করে কমলা টুপি জিতেছে সে। ভারতের সিনিয়র দলেও তাঁকে নেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে। বৈভবের জনপ্রিয়তা পৌঁছে গিয়েছে বিলেতেও। ইংল্যান্ড বনাম নিউ জ়িল্যান্ড টেস্ট চলাকালীন বৈভবকে নিয়ে হয়েছে আলোচনা।
প্রথম টেস্টে ধারাভাষ্য দিচ্ছিলেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল। তাঁর সঙ্গে ছিলেন ইয়ান ওয়ার্ড এবং নাসের হুসেন। সেখানেই ডুল বলেন, আইপিএলে বৈভব যা খেলেছে তাতে ভারতের হয়ে অভিষেক খুব একটা দূরে নেই।
ডুলের কথায়, “ভারতের জার্সি পরা থেকে খুব একটা দূরে নেই বৈভব। দূরে থাকার কথাও নয়। অসাধারণ লেগেছে ওর খেলা দেখে। প্রতিযোগিতার সর্বোচ্চ রানশিকারী। আইপিএলে শেষে কতগুলো পুরস্কার পেয়েছে তার হিসাব রাখতেই ভুলে গিয়েছি। ১৫ বছরের একটা ছেলের পক্ষে এই কাজ অবিশ্বাস্য। খুব ভাল লেগেছে ওর খেলা। জানি না কার বদলে ওকে নেওয়া হবে। কিন্তু বৈভবকে অবশ্য জাতীয় দলে নেওয়া উচিত।”
আরও পড়ুন:
উল্লেখ্য, আইপিএল ফাইনাল জেতার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের উল্লাসের পাশাপাশি নজর কেড়ে নিয়েছিল একটি দৃশ্য। মাঠে বৈভবকে ডেকে নিয়ে ঘাড়ে হাত দিয়ে তার সঙ্গে কথা বলছিলেন বিরাট কোহলি। ৪৩ সেকেন্ডের এই ভিডিয়ো ভাইরাল হয়েছিল। মাঠে কোহলি ঠিক কী বলেছিলেন বৈভবকে, তা জানিয়েছিল বেঙ্গালুরু।
কোহলি ও বৈভবের সেই ভিডিয়ো পোস্ট করেছিল বেঙ্গালুরু। সেখানে অবশ্য বৈভব শুধুই শ্রোতার ভূমিকায়। কোহলি তাকে ডেকে বলেছিলেন, “এখান থেকে আরও উঁচুতে যেতে হবে। যা হয়েছে তা কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাসের জন্য হয়েছে। কে কী বলছে, কী ভাবে বলছে, তা শুনবে না। খালি তুমি আর তোমার ব্যাট। বাকি সব ভুলে যাও।”